মেসি-নেইমারে হতাশ এনরিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল পেনাল্টি মিসের পর নেইমারের হতাশা। ছবি: এএফপি
গতকাল পেনাল্টি মিসের পর নেইমারের হতাশা। ছবি: এএফপি

গত সপ্তাহেও বার্সেলোনা কোচ লিওনেল মেসির পেনাল্টি মিস নিয়ে মজা করেছিলেন। গত সপ্তাহের মেসি পেনাল্টি মিসের পরও দুই গোল করায় লুইস এনরিকে বলেছিলেন, মেসির খেলা এখনো তাঁর ভিনগ্রহের মনে হয়। কিন্তু গতকাল লা পালমাসের বিপক্ষে নেইমার পেনাল্টি মিস করার পর আর বিরক্তি আটকাতে পারলেন না এনরিকে। মৌসুমে চারটি পেনাল্টি থেকে মাত্র একটিকে গোলে রূপান্তর করতে পেরেছেন মেসি এবং নেইমার। বার্সা কোচ তাই এ বিষয়টি নিয়ে একটু হতাশ।
সাধারণত বার্সেলোনার হয়ে পেনাল্টি নেওয়ার দায়িত্ব মেসির। মৌসুমে এ পর্যন্ত তিনটি পেনাল্টি শট তিনিই নিয়েছিলেন। কিন্তু গতকাল ন্যু ক্যাম্পে দশ মিনিটের মাথায় পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন। কিন্তু দলের এই বিপদে এগিয়ে আসেন লুইস সুয়ারেজ। একাই দুই গোল করে দলকে নিরাপদ দূরত্বে নিয়ে যান এই উরুগুইয়ান। খেলার ৬৫ মিনিটের মাথায় একটি পেনাল্টিও আদায় করেন সুয়ারেজ। হ্যাটট্রিকের সম্ভাবনা থাকায় সুয়ারেজকেই পেনাল্টি নিতে দেখার অপেক্ষায় ছিল সবাই। কিন্তু সবাইকে অবাক করে পেনাল্টি নিতে আসেন নেইমার জুনিয়র। মেসি মাঠে না থাকলে পেনাল্টি কিংবা ফ্রি-কিকের দায়িত্ব সাধারণত তাঁর কাঁধেই বর্তায়। গতকালও তাই পেনাল্টি শটটি নিতে এগিয়ে আসেন নেইমার। কিন্তু গোল করতে ব্যর্থ হন নেইমার। তাঁর জোরালো শট বারের বেশ ওপর দিয়ে চলে যায়। নেইমারের এই মিসে অবশ্য বার্সেলোনাকে কোনো মাশুল দিতে হয়নি। কিন্তু কোচ হিসেবে এনরিকে বেশ হতাশ। গতকালকের খেলার পর তিনি হতাশামাখা কণ্ঠে জানান, ‘নেইমার ব্রাজিলের হয়ে পেনাল্টি শট নেয়। আমাদের হয়েও সে মাঝে মাঝে শট নেয়। কিন্তু বোঝাই যাচ্ছে এটি নিয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে। খেলায় আপনাকে সব সময় উন্নতির মধ্য দিয়ে যেতে হবে। এবং এই বিষয়ে আমাদের আসলেই উন্নতির অনেক সুযোগ আছে।’

চোট আক্রান্ত হওয়ায় বার্সেলোনার হয়ে অন্তত আটটি ম্যাচ খেলবেন না মেসি। পেনাল্টির দায়িত্বটা এখন থেকে নেইমারকেই নিতে হবে। গতকালকে নেইমারের এই পেনাল্টি মিস এবং পুরো মৌসুমেই বার্সেলোনার পেনাল্টি মিসের করুণ প্রদর্শনী কোচ এনরিকের কপালে ভাঁজ ফেলছেই। সূত্র: গোল ডট কম