মেসি নয়, আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি হাসছেন, হাসছেন রদ্রিগেজও। শনিবার কোয়ার্টার ফাইনালের পর হাসিটা অবশ্য একজনের মুখেই থাকবে। পরশু অনুশীলনে আর্জেন্টিনা ও কলম্বিয়ার দুই ভরসা l এএফপি
মেসি হাসছেন, হাসছেন রদ্রিগেজও। শনিবার কোয়ার্টার ফাইনালের পর হাসিটা অবশ্য একজনের মুখেই থাকবে। পরশু অনুশীলনে আর্জেন্টিনা ও কলম্বিয়ার দুই ভরসা l এএফপি

আরেকবার মুখোমুখি লিওনেল মেসি-হামেস রদ্রিগেজ। শনিবার ভোরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে দুজন একে অন্যের প্রতিপক্ষ হয়েছেন একাধিকবার। তবে মেসির সঙ্গে ব্যক্তিগত কোনো লড়াই নয়, আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে দেখছেন রদ্রিগেজ।
রদ্রিগেজ জানেন, মেসি একাই পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু ফুটবল তো আর একার খেলা নয়। ডি মারিয়া, আগুয়েরোরাও নিজেদের দিনে ম্যাচ বের করে নিতে পারেন। সে জন্য ম্যাচটা শুধু নিজেদের দ্বৈরথ হিসেবে দেখছেন না রিয়াল মাদ্রিদ প্লে-মেকার, ‘মেসি অন্য জগতের। সে অনন্য একজন খেলোয়াড়, কিন্তু কলম্বিয়ারও বড় খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। আপনি এখানে মেসি বনাম হামেস লড়াইটা টেনে আনতে পারেন না। এটা মোটেই ঠিক হবে না।’
নেইমার যাঁকে ঢুস মারতে গিয়ে লাল কার্ড দেখেছিলেন, সেই কলম্বিয়ান ডিফেন্ডার জেইসন মুরিল্লোর কণ্ঠেও রদ্রিগেজের সুর, ‘লিওনেলের সঙ্গে একসঙ্গে খেলাটা হবে দারুণ ব্যাপার। কিন্তু শুধু ওকেই নয়, আমাদের একটা দুর্দান্ত দলের সঙ্গেই খেলতে হচ্ছে।’
কলম্বিয়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বিবর্ণই। গত বিশ্বকাপে আলো ছড়ানো দলটি শেষ আটের টিকিট পেতে তাকিয়ে ছিল ব্রাজিলের দিকে। তিন ম্যাচে করেছে মাত্র ৩ গোল। রদ্রিগেজ নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। কলম্বিয়ান প্লে-মেকার তা স্বীকারও করে নিলেন, ‘আমি তো আর নিজে থেকে খারাপ খেলতে চাই না, কিন্তু সব সময় যা চাই তা হয় না।’ তাই চাপমুক্ত থাকতে চান, ‘আমি যদি খেলার জায়গা না পাই, তাহলে ভালো করতে অন্যরা তো আছেই। আমি না পারলেও ওরা ঠিকই পারবে।’
মুরিল্লোও বলছেন, আর্জেন্টিনাকে দল হিসেবেই হারাতে হবে, ‘আমার মনে হয় মনোযোগ ধরে রাখাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোচ হোসে পেকারম্যান আমাদের কাছ থেকে এটাই চেয়েছেন। আমরা খুবই শান্ত আছি। জয়ের জন্যই আমরা মাঠে নামব। দারুণ একটা দলের প্রতিপক্ষ হতে যাচ্ছি আমরা। ওদের চেয়ে আমাদের ভালো খেলতেই হবে। ৯০ মিনিট মাথা ঠান্ডা রাখতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আগামীকাল ভোরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়ছে বলিভিয়া-পেরু। গোলডটকম।