মেসি নয়, তাঁর বাবার সঙ্গে আলোচনায় রাজি বার্সা

বার্সেলোনাতে আর থাকতেই চান না লিওনেল মেসি।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসি হয়তো শেষ পর্যন্ত থেকে যাবেন—এমন একটা আশার সলতে টিমটিম করে জ্বলছিল বার্সেলোনায়। কিন্তু সেই সলতেটা গতকাল হয়তো এক ফুৎকারে নিভে গেছে! আজ সোমবার অনুশীলন শুরুর আগে গতকাল ফিটনেস পরীক্ষা ছিল বার্সেলোনার খেলোয়াড়দের। ছিল কোভিড-১৯ পরীক্ষাও। এর কোনোটিই করাননি মেসি। যাননি আজ অনুশীলনেও। যার মানে বার্সেলোনায় থাকার কোনো ইচ্ছাই আর অবশিষ্ট নেই!

পিসিআর পরীক্ষা করানোর তারিখ আগেই নির্দিষ্ট করা ছিল। সেই দিন আসার আগেই মেসি বার্সেলোনা কর্তৃপক্ষকে একটি প্রস্তাব দিয়েছিলেন—তাঁর ক্লাব ছাড়ার বিষয়টি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিয়ে বার্সার আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসতে চান মেসির আইনজীবীরা। কিন্তু বার্সেলোনা মেসির সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপরই মেসি করোনা পরীক্ষা ও দলের অনুশীলনে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

বাবা হোর্হে মেসির সঙ্গে লিওনেল মেসি।
রয়টার্স ফাইল ছবি

মেসির এই সিদ্ধান্তেই হয়তো বার্সেলোনা কর্তৃপক্ষ বুঝে গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ন্যু ক্যাম্পে থাকার কোনো ইচ্ছাই নেই। এ কারণেই হয়তো আলোচনা করবেন বলে জানিয়ে দিয়েছেন বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তবে মেসির আইনজীবীদের সঙ্গে নয়, বার্তোমেউ আলোচনায় বসতে চান মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে। স্পেনের পত্রিকা মুন্দো দেপোর্তিভোর খবর, আগামী বুধবার মেসির বাবার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন বার্তোমেউ।

বার্সেলোনা এর আগে জানিয়েছিল, মেসিকে যদি কোনো ক্লাব কিনতে চায় তাহলে তাঁর রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরো অবশ্যই দিতে হবে। তবে স্পেনের লা রিওহা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও লা রিওহা সালিশ আদালতের আইনজীবী হুয়ান র‍্যামন লিবানা সম্প্রতি মেসির রিলিজ ক্লজ নিয়ে অন্য এক তথ্য দিয়েছেন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ওই আইনজীবীর বরাত দিয়ে লিখেছে, মেসির চুক্তির শেষ বছরে এসে রিলিজ ক্লজের শর্তটি আর কার্যকর থাকার কথা নয়! অন্য দিকে স্পেনের আরেক ক্রীড়া দৈনিক এএস লিখেছে, এত সহজে বার্সেলোনা মেসিকে ছাড়বে না। এই মুহূর্তে দুই পক্ষের সমঝোতায় পৌঁছানোর বিষয়টিও কঠিন মনে করছে তারা।

সব মিলিয়ে এই মুহূর্তে ফুটবল বিশ্ব তাকিয়ে আছে আসলে বুধবারের বৈঠকের দিকে। মেসির বাবা হোর্হে মেসি ও বার্সেলোনার সভাপতি বার্তোমেউয়ের বৈঠকের পর কোনো একটা সমাধান হয়তো বেরিয়ে আসবে!