‘মেসি পিএসজিকে পেছনের দিকে টানছেন’

রিয়াল মাদ্রিদের তৃতীয় গোলের পর হতাশায় ভেঙে পড়েন লিওনেল মেসিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহলে লিওনেল মেসিকে দলে টেনে কী লাভ হলো পিএসজির! চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায়ের পর পিএসজির সমর্থকদের মধ্যে এখন এমন জিজ্ঞাসা।
রিয়ালের বিপক্ষে কাল শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে সুবিধাজনক অবস্থায় থেকেও করিম বেনজেমার হ্যাটট্রিকে আরেকবার স্বপ্নভঙ্গ হয়েছে পিএসজির। প্রথম লেগে কিলিয়ান এমবাপ্পের গোলে ১-০তে জিতেছিল প্যারিসের দলটি। দ্বিতীয় লেগেও এমবাপ্পের গোলেই এগিয়ে যায় তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে ৬০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরও এক বেনজেমাই শেষ করে দিয়েছেন পিএসজিকে। ৬১ মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরানোর পর ৭৬ আর ৭৮ মিনিটে আরও দুই গোল করে হতভম্ব করে দেন মেসি-নেইমার-এমবাপ্পেদের। পিএসজির সমর্থকদের স্তব্ধ করে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল রিয়াল।

এমন ফলের পর স্বাভাবিকভাবেই কথা উঠছে পিএসজির ‘স্বপ্নের দল’ নিয়ে। এমবাপ্পে-মেসি-নেইমার। বিশ্বের সেরা তিন ফরোয়ার্ডই তাদের। গত গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়নস লিগ নিয়ে আশাটা আরও বড়ই হয়েছিল পিএসজির সমর্থকদের। কিন্তু এবার শেষ ষোলোতেই শেষ সেই স্বপ্ন। সমস্যাটা আসলে কোথায় পিএসজির?

সামাজিক যোগাযোগমাধ্যমে কালকের ম্যাচের পর সমর্থকদের তীব্র আক্রমণের মুখেই পড়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। সমর্থকদের অনেকেই পিএসজির এবারের বাজে অবস্থার জন্য দায়ী করছেন তাঁকে। তাদের অভিযোগ, আরও পাকাপোক্ত হচ্ছে প্রথম লেগে মেসির পেনাল্টি মিসের কারণেই। প্যারিসে এক গোলে এগিয়ে থাকা পিএসজির অনেক বড় সুবিধাই হতো মেসি পেনাল্টিটি কাজে লাগাতে পারলে। কাল মাদ্রিদে হয়তো আরও নির্ভার থেকেই মাঠে নামা যেত। কিন্তু সেসবের কিছুই হয়নি মেসির পেনাল্টি মিসে।

যা হলো তা যেন বিশ্বাসই করতে পারছেন না মেসি। রিয়ালের কাছে হেরে পিএসজি চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর হতাশ দলটির আর্জেন্টাইন তারকা
ছবি: রয়টার্স

মেসি আসার আগে পিএসজি তো চ্যাম্পিয়নস লিগে আরও ভালো করেছে। সমর্থকেরা টুইটার, ফেসবুকে এসবই বলছেন। মেসি পিএসজিকে পেছনের দিকেই টানছেন—তাদের কথা এমনই। ২০২০ সালে পিএসজি চ্যাম্পিয়নস লিগ শিরোপার খুব কাছেই পৌঁছে গিয়েছিল। ফাইনালে হেরেছিল বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে। গত মৌসুমে সেমিফাইনালেও উঠেছিল তারা। কিন্তু মেসি আসার পর কোয়ার্টার ফাইনালেও পা রাখা হলো না!

সমর্থকদের সবচেয়ে বড় হতাশার জায়গাটা হলো, মেসি কোনোভাবেই পার্থক্যটা গড়ে দিতে পারছেন না। কাল বার্নাব্যুতে আরও একটি হতাশাজনক রাত ছিল আর্জেন্টাইন তারকার। বারবার বল হারিয়েছেন। নির্দিষ্ট করে বললে ২৮ বার তিনি রিয়ালের খেলোয়াড়দের পায়ে বল তুলে দিয়েছেন। বেনজেমার হ্যাটট্রিকের গোলটি ছিল মেসির পা থেকে বল কেড়ে নিয়েই।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাল পিএসজির হেরে যাওয়া ম্যাচে অনেকটাই ম্লান ছিলেন মেসি
ছবি: রয়টার্স

বলের দখল হারানোর এই পরিসংখ্যানের মতোই আরও কিছু ‘সংখ্যা’ মেসির ব্যাপারে উদ্বিগ্ন করে তুলছে পিএসজি সমর্থকদের। ভাবা যায়, মেসি গত ৭ মাসে ফ্রেঞ্চ লিগে গোল করেছেন মাত্র দুটি! সব মিলিয়ে পিএসজির জার্সিতে মাত্র ৭ গোল তাঁর। বার্সেলোনার হয়ে সবশেষ মৌসুমেই তাঁর গোলের সংখ্যা ছিল ৩০টি। এবার পিএসজির হয়ে তিনি ২৫ ম্যাচে ২০৬১ মিনিট খেলেছেন। গোলে সহায়তা দিয়েছেন ১০টি।

কাল দলের প্রয়োজনের সময়েও জ্বলে উঠতে পারলেন না। পুরোনো ‘শত্রু’ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সর্বশেষ ৯ ম্যাচে তাঁর কোনো গোল তো নেই-ই, গোলে সহায়তাও তিনি করতে পারেননি। এমন হলে মেসিকে নিয়ে লাভ-ক্ষতির হিসাব তো করতেই বসবেন সমর্থকেরা!