মেসি প্রথম হলেও রোনালদো দ্রুততম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর আরও একটি গোল। দেখা পেলেন আরও একটি মাইলফলকের। ছবি: এএফপি
রোনালদোর আরও একটি গোল। দেখা পেলেন আরও একটি মাইলফলকের। ছবি: এএফপি
>
• লা লিগায় ৩০০ গোলের মাইলফলক টপকালেন রোনালদো।
• আসরটির ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মাইলফলকটি ছুঁলেন তিনি।
• লা লিগায় প্রথম ৩০০ গোলের মাইলফলক গড়েন লিওনেল মেসি।
• মেসির চেয়ে কম ম্যাচ খেলে লা লিগায় ৩০০ গোলের মাইলফলক টপকালেন রোনালদো।


এস্পানিওলের বিপক্ষে আগের ম্যাচে তাঁকে দলে রাখেননি জিনেদিন জিদান। কিন্তু গেটাফের বিপক্ষে কাল রাতে রিয়াল কোচ কোনো ঝুঁকি নেননি। ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রথম একাদশের হয়েই মাঠে নামান তিনি। রিয়াল ফরোয়ার্ড মাঠে ফিরেই করলেন জোড়া গোল। এর মধ্যে প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম গোলটি আবার লা লিগায় তাঁর ৩০০তম গোল!
পরে ম্যাচের ৭৮ মিনিটে আরও একটি গোল করে লা লিগার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৩০০ গোলের মাইলফলক টপকে যান রোনালদো। এর আগে প্রথম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক পেরিয়েছিলেন লিওনেল মেসি।
বার্সেলোনার হয়ে ৩৩৪তম ম্যাচে তিন শ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। চিরপ্রতিদ্বন্দ্বীর তুলনায় ৪৮ ম্যাচ কম খেলেই এই রেকর্ডের দেখা পেলেন রোনালদো (২৮৬ ম্যাচ)। তবে লা লিগায় তিন শ গোলের মাইলফলক ছোঁয়ায় মেসি প্রথম হলেও রোনালদো কিন্তু দ্রুততম।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে ন্যূনতম তিন শ গোল করার ‘কীর্তিমান’দের মধ্যে রোনালদো সর্বশেষ সংযোজন। বার্সার হয়ে ৪০৮ লিগ ম্যাচে ৩৭২ গোল নিয়ে শীর্ষে মেসি। বায়ার্ন মিউনিখ কিংবদন্তি জার্ড মুলার এ তালিকায় দ্বিতীয় (বুন্দেসলিগায় ৪২৭ ম্যাচে ৩৬৫ গোল)। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় লিগে ৩৬২ ম্যাচে ৩১০ গোল নিয়ে তৃতীয় এভারটন কিংবদন্তি ডিক্সি ডিনের পরই রোনালদোর অবস্থান।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০০৯ সালে রিয়ালে আসার পর নিজেকে ক্লাবটির ইতিহাসে অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রোনালদো। রিয়ালের হয়ে এ পর্যন্ত ১৬টি বড় আসরের শিরোপা জিতেছেন পর্তুগিজ এ তারকা। এবারসহ টানা নয় মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যূনতম ৩০ গোল করলেন তিনি।
এবারের মৌসুমে ৩২ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৩০। এর মধ্যে কাল রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে করেছেন দুই গোল। রিয়ালের এ মাঠে রোনালদোর গোলসংখ্যাই (২৩৭) সর্বোচ্চ। চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার শেষ ষোলো ফিরতি লেগে পিএসজির মুখোমুখি হওয়ার প্রস্তুতিটা গেটাফের জালে জোড়া গোল করেই সারলেন রোনালদো।