মেসি ফিরছেন আর্জেন্টিনা দলে
খবরটা প্রত্যাশিতই ছিল। তারপরও এদগার্দো বাউজা নিশ্বাসটা ফেলতে পেরেছেন স্বস্তি নিয়ে। লিওনেল মেসিকে তো যেকোনো কিছুর বিনিময়ে ব্রাজিলের সঙ্গে ম্যাচে চাইছিলেন আর্জেন্টিনা কোচ! সামনের মাসের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবার দলে ফিরেছেন মেসি।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এ মুহূর্তে আর্জেন্টিনা আছে পাঁচে। বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনো বেঁচে আছে, তবে মেসি না থাকলে সেটি এর মধ্যেই হয়তো সুদূরে মিলিয়ে যেত। বাছাইপর্বে মেসি আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন, তিনটিতেই জিতেছে দল। ৭ ম্যাচে খেলেননি, এই ৭ ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে মাত্র ৭ পয়েন্ট। এর মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে, ড্র করেছে চারটি। আর হেরেছে দুই ম্যাচে। সাম্প্রতিক ফর্মটাই বেশি খারাপ, গত তিনটি ম্যাচের দুটিতে ড্র করেছে আর্জেন্টিনা, সর্বশেষ প্যারাগুয়ের কাছে তো নিজেদের মাঠেই হেরে গেছে।
প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন সান লরেঞ্জোর রাইটব্যাক জুলিও বুফারিনি এবং রেসিং ক্লাবের মিডফিল্ডার মার্কোস আকুনা। বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মার্কোস রোহো, টটেনহামের এরিক লামেলা ও মিডফিল্ডার মাতিয়াস ক্রানেভিতার।
বাউজার মতো সুসংবাদ আছে ব্রাজিল কোচ তিতের জন্যও। চোট কাটিয়ে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের মার্সেলো ও কাসেমিরো। দল থেকে বাদ পড়েছেন চেলসি মিডফিল্ডার অস্কার। ব্রাজিল অবশ্য দারুণ ফর্মে আছে, পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে এসেছে টানা তিন ম্যাচ জিতে। ১০ নভেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পাঁচ দিন পর ব্রাজিল-পেরু ম্যাচ, আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার সঙ্গে। এএফপি।