মেসি ফিরলেও থাকছেন না নেইমার

পিএসজির দুই তারকা নেইমার ও লিওনেল মেসিফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-নেইমার-এমবাপ্পে। এবারের দলবদলের পর পিএসজির খেলা মানেই এই ত্রয়ীকে দেখার আগ্রহ নিয়ে সবার বসে থাকে। কিন্তু সে ইচ্ছা যে নিয়মিত পূরণ হচ্ছে না। এখন পর্যন্ত এ তিনজনকে একসঙ্গে টানা কয়েক ম্যাচে দেখার সুযোগই মিলছে না দর্শকদের।

আন্তর্জাতিক বিরতির পর পিএসজির প্রথম ম্যাচে লিওনেল মেসি বা নেইমার কেউই ছিলেন না। ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়ায় অজেঁর বিপক্ষে খেলা হয়নি এই দুজনের। সে ম্যাচে পিএসজিকে বাঁচিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মেসি ফিরছেন। কিন্তু এ ম্যাচেও থাকবেন না নেইমার।

১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি যাঁরা দেখেছেন, সেদিন নেইমারের খেলা দেখে কারও ভাবনায় আসেনি ম্যাচে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। চোটটা একেবারে ছোট নয়। তাঁকে ছিটকে যেতে হয়েছে আজ চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের ম্যাচ থেকেও।

ব্রাজিলের হয়ে আনন্দ নিয়ে খেলছেন নেইমার
ফাইল ছবি: এএফপি

বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ম্যাচে নেইমার নিজে করেছিলেন ১ গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছিলেন ২টি। গোল করা ও করানো ছাড়াও ম্যাচটিতে নেইমার ছিলেন দুর্দান্ত। ৪১টি নিখুঁত পাস, ৮টি ড্রিবল, ৮টি গোল হওয়ার মতো পাস দিয়েছেন। এর মধ্যে ৪টি ছিল গোলের বড় সুযোগ সৃষ্টি করা পাস। এমনকি প্রতিপক্ষের কাছ থেকেও ১৪ বার বল কেড়েছেন নেইমার।

সেদিন দেশের জার্সিতে নিজের সেরাটা দিতে গিয়ে কুঁচকির চোটে পড়েছেন। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় লাইপজিগের বিপক্ষে তাঁর না খেলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পিএসজি। তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘জাতীয় দলের হয়ে খেলার পর থেকে নেইমার জুনিয়র কুঁচকির ব্যথায় ভুগছেন। দলীয় অনুশীলনে ফেরার জন্য তাঁকে কয়েক দিন চিকিৎসাধীন থাকতে হবে।’

এই তিনজনকে এক সঙ্গে দেখাই যাচ্ছে না
ফাইল ছবি: এএফপি

শুধু নেইমার নন, চোটের কারণে লাইপজিগের বিপক্ষে খেলা হচ্ছে না আর্জেন্টিনার লিওনার্দো পারেদেসেরও। ডিফেন্ডার সের্হিও রামোসও চোটের সমস্যায় ভুগছেন অনেক দিন ধরে। গ্রুপ ‘এ’–তে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। কাল ঘরের মাঠে লাইপজিগকে হারিয়ে নিজেদের অবস্থানটা আরও সুসংহত করার সুযোগ প্যারিসের ক্লাবটির।

তবে শুধু চ্যাম্পিয়নস লিগে এ ম্যাচেই নয়, লিগ ওয়ানে ২৪ অক্টোবর অনুষ্ঠেয় মার্সেইয়ের বিপক্ষেও খেলা হবে না নেইমারের।