মেসি ফিরলেন মেসির মতোই

তাঁকে ছাড়াও বার্সেলোনা জিতছিল। শুধু ‘জিতছিল’ বলাটা কমই হয়ে যায়, দাপটের সঙ্গেই জিতছিল। কিন্তু বার্সেলোনা খেলছে আর লিওনেল মেসি নেই, মনে হতো—কী যেন নেই, কী যেন নেই!
সেই শূন্যতা বোধকেই ভুলিয়ে দিতে চোট কাটিয়ে এল ক্লাসিকোতেই ফিরেছিলেন মেসি। বদলি নেমে প্রায় আধঘণ্টার উপস্থিতিতেই বুঝিয়েছিলেন, দুই মাস মাঠের বাইরে থেকে জাদুমন্ত্রটা ভুলে যাননি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওই ম্যাচে একটু বুঝিয়েছিলেন আর পরশু রোমাকে বোঝালেন হাতেনাতে। দারুণ দুটি গোলই করলেন না, পুরোটা সময় এমনই দুর্দান্ত খেললেন, মনে হলো এত দিন মাঠের বাইরেই ছিলেন না! মেসির এমন রাজকীয় প্রত্যাবর্তন, সঙ্গে ফর্মে থাকা লুইস সুয়ারেজের জোড়া গোল। পাশাপাশি জেরার্ড পিকে আর আদ্রিয়ানোর দুটি গোল মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে রোমাকে ভুলে যাওয়ার মতোই একটা রাত উপহার দিল বার্সেলোনা। নেইমার যদি পেনাল্টি নষ্ট না করতেন, স্কোরশিটে নাম থাকত ‘এমএসএন’ ত্রয়ীর।
খেলার শেষ সময়ে এডিন জেকোর সান্ত্বনার গোলে বার্সার জয় শেষ পর্যন্ত ৬-১-এ। গ্রুপ পেরিয়ে বার্সেলোনার পরের রাউন্ডে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল একই গ্রুপে আগেই শেষ হওয়া বরিসভ-লেভারকুসেন ম্যাচটা ১-১ ড্র হওয়ায়। ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ড নিশ্চিত করল বার্সা, এ নিয়ে টানা ১২ বার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠল তারা।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাচ্ছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখও। আলিয়াঞ্জ অ্যারেনায় অলিম্পিয়াকোসের সঙ্গে ম্যাচটা ড্র হলে দুই দলই চলে যেত পরের রাউন্ডে। কিন্তু প্রতিপক্ষকে কোনো দয়া দেখাননি রোবেন-মুলার-লেভানডফস্কিরা। ৪-০ গোলের জয়ে বায়ার্নের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত তো হয়েছেই, অন্য ম্যাচে ডায়নামো জাগরেবকে হারিয়ে আর্সেনালের পরের রাউন্ডে খেলার আশাটাও এতে বেঁচে রয়েছে।
ন্যু ক্যাম্পে এমন অসাধারণ জয়ের পরও মেসি স্বভাবসুলভ বিনয়ী, বরং তাঁর অনুপস্থিতিতে জয়রথ এগিয়ে নেওয়ায় সতীর্থদের নিয়েই যেন উচ্ছ্বসিত, ‘মাঠে না থাকায় আমার খারাপ লেগেছে। কিন্তু আমার সতীর্থরা প্রতিটি ম্যাচে যা করেছে তা উপভোগ করেছি আমি।’
স্বমহিমায় ফেরা মেসি আর দলের দুর্দান্ত ফর্ম কোচ এনরিকেকে করে তুলেছে নির্ভার, ‘যখন দেখবেন যে আপনার খেলোয়াড়েরা মাঠে খেলাটা উপভোগ করছে, মজা করছে, আপনারও ভালো লাগবে।’
রোমা কোচ রুডি গার্সিয়ার জন্য ভালো লাগার মতো কিছু ঘটেনি। তাঁর সান্ত্বনা অসাধারণ একটা দলের কাছে হেরেছেন, ‘জিততে হলে আমাদের অবিশ্বাস্য কিছু করতে হতো, আমরা সেটা করতে পারিনি। ওরা রিয়াল মাদ্রিদের মতো দলকে ৪-০ গোলে হারিয়ে এসেছে এবং অপ্রতিরোধ্য এক যন্ত্রে পরিণত হয়েছে। ওরা অন্যগ্রহের দল এবং এ মুহূর্তে ওদের সঙ্গে পারা অসম্ভব।’
একই রকম অপ্রতিরোধ্য লাগছে বায়ার্নকেও। গ্রুপে এখন পর্যন্ত ৫ ম্যাচে বায়ার্ন গোল দিয়েছে ১৭টি, খেয়েছে মাত্র ৩টি। এবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে আর কোনো দল এত বেশি গোল করতে পারেনি। ক্লাবের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে তো গার্দিওলার এই বায়ার্নকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত, ‘গত কয়েক বছরে এই দলটা অসাধারণ মানের ফুটবল খেলছে। আমি এই কয়েক বছরে এমন কোনো ম্যাচ দেখিনি যেখানে দলটা একটুও মনোযোগ হারিয়েছে। আমার সময়ে কিংবা ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সময়েও এত ধারাবাহিকতা ছিল না।’
এত প্রশংসা পেয়েও কোচ গার্দিওলা পা রাখছেন মাটিতেই, ‘আপাতত চ্যাম্পিয়নস লিগ নিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত নির্ভার, এটাই বড় ব্যাপার।’
ওদিকে ম্যাকাবি তেল আবিবের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরলেও পরের রাউন্ড এখনো নিশ্চিত করতে হয়নি চেলসির। বরং গ্রুপের অন্য ম্যাচে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে হিসাবটা জটিল করে তুলেছে ডায়নামো কিয়েভ। এএফপি, রয়টার্স।
গতকালের ফল
বরিসভ ১ : ১ লেভারকুসেন
জেনিত ২ : ০ ভ্যালেন্সিয়া
বার্সেলোনা ৬ : ১ রোমা
আর্সেনাল ৩ : ০ জাগরেব
বায়ার্ন ৪ : ০ অলিম্পিয়াকোস
পোর্তো ০ : ২ কিয়েভ
তেল আবিব ০ : ৪ চেলসি
লিওঁ ১ : ২ গেন্ট
* স্বাগতিক দল প্রথমে
>১৮তম বারের মতো চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠল বায়ার্ন মিউনিখ। এর চেয়ে বেশিবার নকআউট পর্বে গেছে শুধু রিয়াল মাদ্রিদ (২০ বার)।
*
রোমার বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের জয় ইতালিয়ান ক্লাবের বিপক্ষে স্প্যানিশ ক্লাবের সবচেয়ে
বড় জয়।
*
পরশুর ৬ গোল মিলিয়ে সব ধরনের ইউরোপীয় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে রিয়ালকে (১০২৬) পেরিয়ে গেছে বার্সেলোনা (১০২৮)। অবশ্য কাল রিয়ালের সুযোগ ছিল আবার রেকর্ডটা নিজেদের করে নেওয়ার।
*
চ্যাম্পিয়নস লিগে ২০ ম্যাচে ১৩ গোল হলো লুইস সুয়ারেজের। প্রথম ২০ ম্যাচে অন্য কোনো দক্ষিণ আমেরিকান খেলোয়াড়ের এর চেয়ে বেশি গোল নেই।