মেসি ফিরলেন মেসির মতোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই একটি মুহূর্তেই হয়তো বিমূর্ত হয়ে রইল মেসির প্রতি আর্জেন্টাইনদের ভালোবাসা। ম্যাচের মাঝেই নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে এক সমর্থক ছুটে এসে কুর্নিশ করলেন আর্জেন্টাইন অধিনায়ককে। কাল মেন্দোজায় l এএফপি
এই একটি মুহূর্তেই হয়তো বিমূর্ত হয়ে রইল মেসির প্রতি আর্জেন্টাইনদের ভালোবাসা। ম্যাচের মাঝেই নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে এক সমর্থক ছুটে এসে কুর্নিশ করলেন আর্জেন্টাইন অধিনায়ককে। কাল মেন্দোজায় l এএফপি

ড্রেসিংরুম থেকে যে টানেল দিয়ে খেলোয়াড়েরা মাঠে আসেন, তার ঠিক উল্টো দিকের গ্যালারিতে একটা বিশাল ব্যানার। তাতে স্প্যানিশ ভাষায় লেখাটা বাংলা করলে দাঁড়ায়—‘লিও, তুমি আমাদের যা দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ। বিনিময়ে আমরা তোমাকে এত কম দিতে পেরেছি বলে ক্ষমা করো।’
মাঠে ঢোকার পথে লিওনেল মেসি কি ব্যানারটা দেখেছিলেন? হয়তো দেখেছেন, হয়তো দেখেননি। যদি না-ও দেখে থাকেন, সমস্যা নেই। মেনদোজার গ্যালারি পরশু রাতে গর্জনেই বুঝিয়েছে মেসির প্রতি তাদের ভালোবাসা কত গভীর। যতবারই মেসির পায়ে বল গেছে, গ্যালারি গর্জে উঠেছে ‘লিও, লিও’ চিৎকারে।
মেসিও প্রতিদান দিলেন হাতেনাতেই। ম্যাচের ৪৩ মিনিটে ঘিরে থাকা প্রতিপক্ষ খেলোয়াড়দের মাঝে বল পেয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নিলেন, তারপর একজনকে কাটিয়ে জোরালো শট। উরুগুয়ে এক ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে। তবে শট লক্ষ্যাভিমুখী থাকায় গোলটি লেখা হয়েছে মেসির নামেই। এর আগে-পরে আরও কত জাদুকরি মুহূর্ত! তবে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতল ওই ১ গোলেই। যে জয়ে পয়েন্ট তালিকায়ও উরুগুয়েকে সরিয়ে দিয়ে শীর্ষে উঠে এল এদগার্দো বাউজার দল। ৭ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৪। সমান ম্যাচ শেষে উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর—তিন দলেরই পয়েন্ট ১৩। ব্রাজিল ও প্যারাগুয়ের ১২।
তবে মেনদোজার ম্যাচটা শেষে এসব হিসাব-নিকাশ একেবারেই গৌণ হয়ে গেছে। সব ছাপিয়ে এটা হয়ে গেছে আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রত্যাবর্তন ম্যাচ। যে মেসি কোপা আমেরিকার ফাইনালে হারের পর অভিমানে ঘোষণা দিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের। কিন্তু আর্জেন্টাইনদের ভালোবাসা তাঁকে অবসরে থাকতে দিল না একটি ম্যাচও। কোপার ফাইনালের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচেই মাঠে নামলেন, যথারীতি তাঁর হাতেই অধিনায়কের ব্যান্ড। মেসিও বুঝিয়ে দিলেন মাঝের এই দুই মাসে তাঁর চুলের রংটা ছাড়া আর কিছু বদলায়নি। ও হ্যাঁ, শখ করে রাখা দাড়িটাও একটু বড় হয়েছে হয়তো।
গোল মাত্র একটা পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। প্রথমার্ধের পুরোটা সময় তো উরুগুয়ে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। দ্বিতীয়ার্ধে কিছুটা চেষ্টা করেছে সমানতালে লড়তে। প্রথমার্ধের শেষ মুহূর্তে পাওলো দিবালা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় আর্জেন্টিনা বাকি সময়টা খেলেছে ১০ জন নিয়ে। তবু খুব একটা পরীক্ষা দিতে হয়নি আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোকে।
ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে কঠোর নিরাপত্তা পেরিয়ে এক মেসি-ভক্ত ঢুকে গিয়েছিলেন মাঠে। মেসির একেবারে সামনে গিয়ে মাটিতে ছোঁয়ান মাথা। চুমু দিতে চান তাঁর বুটে, আর্জেন্টাইন অধিনায়ক সেই ভক্তকে তুলে ধরে করেছেন আলিঙ্গন। ম্যাচ শেষে অবশ্য সব ভক্তের প্রতিই জানিয়েছেন কৃতজ্ঞতা, ‘আমি সবার ভালোবাসায় আপ্লুত। সবাই যেভাবে আমাকে গ্রহণ করেছেন, সে জন্য কৃতজ্ঞ।’
কয়েক দিন আগেই আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বলেছিলেন, মেসি টানা তিন ফাইনালে হেরে যাওয়ার দুঃস্মৃতি সরিয়ে দিতেই অবসর-নাটক সাজিয়েছেন! উরুগুয়ের বিপক্ষে দলকে জেতানোর পর মেসি বোধ হয় মার্জিতভাবে সেই খোঁচাটার জবাবও দিলেন, ‘জাতীয় দলে ফিরতে পেরে আমি খুবই গর্বিত। তবে বলতে পারি, আমি কাউকে ধোঁকা দিইনি।’ তাহলে সিদ্ধান্ত বদলে আবার ফিরলেন কেন? মেসি জানালেন, আবেগ থেকেই ছিল ওই সিদ্ধান্ত, ‘ওই সময় (কোপা ফাইনালের) পর আমি খুবই বিপর্যস্ত ছিলাম। কিন্তু পরে ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভেবেছি। আমি পাতোনের (বাউজার) সঙ্গে কথা বলেছি। আমার কাছের মানুষেরাও সিদ্ধান্তটা নিতে আমাকে সাহায্য করেছে।’ এএফপি, রয়টার্স।