মেসি বলে বলিয়ান পিএসজির জয়

স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ শুরুর আগে সমথর্কদের দেখাতে মেসিকে মাঠে নিয়ে এসেছে পিএসজিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারের না খেলার বিষয়টি আগে থেকেই সবার জানা। ম্যাচের অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে দিন তিনেক আগে প্যারিসে পা রাখা মহাতারকা লিওনেল মেসিও নেই। এ মৌসুমেই পিএসজিতে নাম লেখানো স্পেনের তারকা ডিফেন্ডার সের্হিও রামোসের চোটের কারণে না খেলার কথাও জানা ছিল সবার।

তাহলে স্ত্রাসবুর্গের বিপক্ষে পিএসজির ঘরের মাঠে ম্যাচ নিয়ে কারও আগ্রহ থাকবে কেন! কিন্তু এমন একটি ম্যাচ শুরুর আগেই কী একটা চমকই না দিল পিএসজি কর্তৃপক্ষ! ম্যাচ শুরু হতে তখনও অনেক বাকি। পিএসজির খেলোয়াড়েরা মাঠে নামার আগে বেজে উঠল বাদ্য, ফুটে ও জ্বলে উঠল আতশবাজি। রঙিন ধোয়ার মাঝ দিয়ে মাঠে নামলেন লিওনেল মেসি!

স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের আগে মাঠে এসেছিলেন পিএসজির পাঁচ নতুন খেলোয়াড়
ছবি: রয়টার্স

শুধু মেসি একাই নন, তাঁর সঙ্গে একে একে মাঠে আসলেন পিএসজির আরও চার নতুন খেলোয়াড়; আশরাফ হাকিমি, সের্হিও রামোস, জর্জো ভাইনালডাম ও জিয়ানলুইজি দোন্নারুম্মা। পাঁচ ফুটবলার এক সঙ্গে মাঠ নেমে পিএসজি সমর্থকদের অভিনন্দনের জবাব দিলেন। পিএসজির সমর্থকেরাও তাঁদের বরণ করে নিয়েছে করতালি আর আনন্দ হিল্লোলে।

মেসি খেলেননি, কিন্তু তাঁর বলে বলিয়ান হয়েই কি না কে জানে, স্ত্রাসবুর্গের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিতে থাকে পিএসজি। শেষ পর্যন্ত তো নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে স্ত্রাসবুর্গের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে-মাউরো ইকার্দিরা।

গোলের পর এমবাপ্পের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। মেসি, নেইমার, এমবাপ্পে; এই ত্রয়ী খেলতে শুরু করলে পিএসজির একাদশে হয়তো সুযোগই পাবেন না আর্জেন্টিনার স্ট্রাইকার ইকার্দি। আজ স্ত্রাসবুর্গের বিপক্ষে প্রথম গোলটি করেছেন তিনিই। তবে এই গোলে বড় অবদান ছিল দিয়ালোর অসাধারণ এক পাসের।

২৫ মিনিটে পিএসজির দ্বিতীয় গোলটি এমবাপ্পের। ড্রাক্সলারের একটি পাস ধরে বক্সে ফুকে পড়েন ফরাসি ফরোয়ার্ড। স্টেপ আউটে স্ত্রাসবুর্গের দুই খেলোয়াড়কে পরাভূত করে শট নেন তিনি। সেই শট স্ত্রাসবুর্গের খেলোয়াড় লুডোভিচ আজোরুকের মাথায় লেগে ঢুকে যায় তাঁদেরই জালে।

পিএসজির তৃতীয় গোলটি যেন দ্বিতীয় গোলের ফটোকপি। অসাধারণ গতি আর ড্রিবলিংয়ে স্ত্রাসবুর্গের খেলোয়াড়দের নাচিয়ে দুর্দান্ত এক ক্রস বাড়ান এমবাপ্পে। সেই ক্রস গিয়ে পড়ে ড্রাক্সলারের পায়ে। তাঁকে যেন থালায় গোল সাজিয়ে দিয়েছন এমবাপ্পে। বুটের খোঁচায় সেই বল জালে পাঠিয়ে সেই গোলটি নিজের করে নিতে খুব বেশি অসুবিধা হয়নি ড্রাক্সলারের।

মাউরো ইকার্দির গোল উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

কিন্তু দ্বিতীয়ার্ধে যে কী হলো পিএসজির! ১১ মিনিটের মধ্যে ২ গোল খেয়ে বসে তারা। দ্বিতীয়ার্ধটা দুর্দান্তভাবে শুরু করা স্ত্রাসবুর্গ ব্যবধান ৩-১ করে ৫৩ মিনিটে। অসাধারণ এক হেডে কেইলর নাভাসকে পরাজিত করেন কেভিন গামেইরো। দ্বিতীয় গোলটিও হেডে। এটা যেন অনেকটা শাপমুক্তি। প্রথমার্ধে আজোরুকের মাথায় লেগে বল গিয়েছিল তাঁদেরই জালে। এবার দুর্দান্ত এক হেড থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন তিনি ৬৪ মিনিটে।

ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে স্ত্রাসবুর্গ যখন সমতাসূচক গোলের জন্য জোরদার লড়াই শুরু করে, ৮১ মিনিটে আলেক্সান্ডার জিকু লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে যায় তারা। এর সুযোগটা ভালোভাবেই কাজে লাগায় পিএসজি। ৮৬ মিনিটে এমবাপ্পের সহযোগিতায় গোল করে স্ত্রাসবুর্গের ম্যাচে ফেরার আশার সমাদি রচনা করেন পাবলো সারাবিয়া।