মেসি বার্সায় আছেন, নেই!

বোমাটা ফাটিয়েছিলেন চার দিন আগে। এর আগে সব সময়ই বলে এসেছেন, বার্সেলোনাই তাঁর একমাত্র ঠিকানা। কিন্তু লিওনেল মেসি হঠাৎ বলে বসলেন, ভবিষ্যতের কথা নিশ্চিত করে কিছুই বলা যায় না। সামান্য এই ইঙ্গিতটুকুই আগুনে ঘি ঢেলে দেয়, তাহলে কি মেসি বার্সা ছাড়ছেন? পরের দিনই বাবা হোর্হে মেসি দাবি করলেন তাঁর ছেলের কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কদিন নিশ্চুপ বসে থাকা বার্সেলোনা অবশেষে দৃশ্যপটে উপস্থিত। পরশু কাতালান ক্লাবের সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ দাবি করলেন, ক্লাবের সঙ্গে মেসির কোনো সমস্যা নেই।
স্প্যানিশ টিভি চ্যানেল এইটটিভিকে বার্তোমেউ বলেছেন, তিন দিন আগেই হোর্হে মেসির সঙ্গে তাঁর কথা হয়েছে। কিন্তু হঠাৎ করে মেসি এমন সুরে কথা বললেন কেন? তাহলে কি কোনো ব্যাপারে ক্লাবের সঙ্গে মন-কষাকষি চলছে মেসির? বার্তোমেউয়ের ব্যাখ্যা অন্য রকম, ‘সে বিশ্বের সেরা খেলোয়াড়, এখানে সে সুখীও। এখানে তাকে অনেক চাপ সামলাতে হচ্ছে, কর তদন্ত কমিশনের চাপ তো আছেই। তার রেকর্ডের চেয়েও বেশি কথা হয় তার বমি করা নিয়ে। তারা মাঠের বাইরে ওকে হারাতে চায়। মাঠে সে এক নম্বর।’ কিন্তু এই ‘তারা’ কারা? বার্তোমেউ সরাসরি কিছু বলেননি, তবে ইঙ্গিতটা মাদ্রিদভিত্তিক প্রচারমাধ্যমের দিকে।
তবে মেসি যদি সত্যিই ক্লাব ছাড়েন, তাঁকে কিনতে কত টাকা লাগবে? স্প্যানিশ দৈনিক মার্কা হিসাব করে দেখিয়েছে, বেতনসহ অঙ্কটা ৪০ কোটি ইউরোর কম হবে না। দলবদলের জন্য ১৫ কোটি ইউরো খরচ হলে বাকিটা বেতন বাবদ। প্রতি মৌসুমে বেতন ৫ কোটি ইউরো হলে পাঁচ মৌসুমে সেটা হবে ২৫ কোটি। কিন্তু অর্থ ঢালতে পারে কারা?
গোলডটকমের পাঠকদের নিয়ে চালানো একটি জরিপ সম্প্রতি দেখিয়েছে, মেসির সম্ভাব্য গন্তব্য বায়ার্ন মিউনিখ। সর্বোচ্চ ১৭.৯ শতাংশ ভোট গেছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের বাক্সে। পেপ গার্দিওলা কি শুনছেন? মার্কা, গোলডটকম।