মেসি বিশ্বকাপ জিতবে, বলছেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির দিকে এবার স্নেহের হাত বাড়িয়ে দিলেন পেলে। ফাইল ছবি
মেসির দিকে এবার স্নেহের হাত বাড়িয়ে দিলেন পেলে। ফাইল ছবি

লিওনেল মেসির প্রতি তাঁর হৃদয়ের কোণে যে স্নেহ-ভালোবাসাও লুকানো আছে, কে জানত! এত দিন মেসিকে খুব একটা গ্রাহ্য করতে না চাওয়া পেলে কিন্তু বলছেন, মেসির বিশ্বকাপ জেতার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। রাশিয়াতেই বিশ্বকাপ জিততে পারেন মেসি।
বিশ্বকাপের আগে অনেকেই বলছিলেন, ২০১৪-ই মেসির শেষ সুযোগ। বয়স আর ফর্ম বিবেচনায় মেসির সামনে এমন সুযোগ আর আসবে না। ২০১৮ বিশ্বকাপে যে বয়স চলে যাবে ৩১-এর কোঠায়। মেসির দল এবার ফাইনালেও উঠেছিল। কিন্তু ম্যাচ শেষের মাত্র সাত মিনিট আগে গোল খেয়ে আর্জেন্টিনার জার্মানি-দুঃখে যোগ হয় আরেকটি অধ্যায়। বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের তালিকায় নাম লেখানোর সুযোগটাও মুঠো গলে বেরিয়ে যায় মেসির।
তবে নিজে ৩০ বছর বয়সে বিশ্বকাপ জেতা পেলে বলছেন, মেসির শেষ সুযোগ শেষ হয়ে যায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রাজিল কিংবদন্তি বলেছেন, ‘অবশ্যই ও এখনো বিশ্বকাপটা জিততে পারে। ও খুবই নিয়ম-শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করে। নিজের ভালো যত্ন নেয়। শারীরিকভাবেও ও সব সময় দারুণ অবস্থায় থাকে। কোনো সন্দেহ নেই, ও পরের বিশ্বকাপটা খেলতে ও জিততে পারে।’
জার্মানির কাছে ফাইনালে হেরেছেন বলেই মেসির এত দিনের অর্জন বিলীন হয়ে যাবে—তাও মনে করেন না পেলে, ‘জার্মানির কাছে হারায় ওর কৃতিত্ব এতটুকু খাটো হয়নি। ও গ্রেট একজন খেলোয়াড়। রাশিয়াতেও ও দুর্দান্ত খেলবে নিশ্চিত।’
গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন। তবে পেলে কিন্তু মনে করেন, ব্রাজিল বিশ্বকাপটা মেসির জন্য ভালো যায়নি, ‘ব্রাজিলে ও নিজের সেরাটা দিতে পারেনি। তবে তার মানে কিন্তু এই নয় ও একজন বাজে খেলোয়াড়।’ বিশ্বকাপ না জিতলেও মেসিকে কিংবদন্তির তালিকায় রাখতে হবে বলেও রায় দিয়েছেন পেলে, ‘ব্রাজিল-আর্জেন্টিনার ও গ্রেট খেলোয়াড়েরই বিশ্বকাপ জেতার সুযোগ এসেছিল কিন্তু তারা জিততে পারেনি। এমনটা যদি মেসির সঙ্গেও ঘটে, তাতেও ও যে গ্রেট একজন খেলোয়াড়, সেটি বদলাবে না। ওর অর্জন আপনি ওর কাছ থেকে কেড়ে নিতে পারবেন না।’