মেসি বেশি বেতন পাচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসিও নাকি যোগ্যতার চেয়ে বেশি বেতন পান! ছবি: রয়টার্স
মেসিও নাকি যোগ্যতার চেয়ে বেশি বেতন পান! ছবি: রয়টার্স

ফোর্বস সাময়িকীর দৃষ্টিতে ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ আয় ক্রিস্টিয়ানো রোনালদোর। খুব পিছিয়ে নেই লিওনেল মেসি। আছেন তিনে। তবে বেতনের প্রশ্নে প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে মেসি। নতুন চুক্তিতে সপ্তাহে সাড়ে ৫ লাখ ইউরো বেতন মেসির। বাজারে গুঞ্জন, পিএসজিতে গেলে নেইমারও এমন বেতনই পাবেন। তবে একটি গবেষণার তথ্য জানলে ব্যাপারটা নিয়ে কিছুটা হলেও ভাববে ফরাসি ক্লাবটি। সেই গবেষণায় উঠে আসা তথ্য বলছে, স্বয়ং মেসিই নাকি প্রাপ্যের চেয়ে বেশি বেতন নিচ্ছেন! ইন্টারন্যাশনাল জার্নাল অব কম্পিউটার সায়েন্স ইন স্পোর্টস (আইজেসিএসএস) নামের একটি গবেষণাপত্রেই জানা গেছে চমকে দেওয়া এই তথ্য।

এ গবেষণা দাবি করেছে, মেসি সপ্তাহে তাঁর প্রাপ্য বেতনের চেয়ে ৩ লাখ ইউরো বেশি বেতন নিচ্ছেন! অঙ্কটা লুইস সুয়ারেজের সাপ্তাহিক বেতনের সমান। আর অ্যাঙ্গেল ডি মারিয়াকেও নাকি প্রায় ১ লাখ ৭০ হাজার ইউরো বেশি বেতন দিচ্ছে পিএসজি। আইজেসিএসএস প্রথমেই বলে নিয়েছে, তারকামূল্য কিংবা জনপ্রিয়তার মাপকাঠি একজন খেলোয়াড়ের বেতন নির্ধারণে কোনো ভূমিকা রাখেনি।

খেলোয়াড়ের বয়স, মাঠের পজিশন, ক্লাবের অবকাঠামো এবং তাঁর খেলোয়াড়ি দক্ষতার ওপর ভিত্তি করেই তাঁদের প্রাপ্য বেতন বের করা হয়েছে। খেলোয়াড়দের বিভিন্ন স্কিলের ওপর ভিত্তি করে সৃষ্টি করা হয়েছে এলগরিদম। গবেষণার ভিত্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে ২০১৬ সালে ফুটবলারদের পারফরম্যান্সকে। প্রাথমিকভাবে 'রিগ্রেসন ক্লাসিফায়ার' ব্যবহার করে সৃষ্ট প্রাথমিক গবেষণায় বাড়তি বেতন পাওয়া ফুটবলারদের তালিকায় মেসির পরেই ছিলেন রোনালদো। মেসির দুই সতীর্থ সুয়ারেজ ও নেইমার ছিলেন এরপরই—

খেলোয়াড়

বর্তমান

প্রাপ্য

লিওনেল মেসি

৫৫০,০০০

২৩৫,০২৬

ক্রিস্টিয়ানো রোনালদো

৩৪০,০০০

১৫৪,৭৬৬

লুইস সুয়ারেজ

৩০০,০০০

১৫১,৫৬৭

নেইমার

২৭০,০০০

১৫১,৯৪০

ডেভিড ডি গিয়া

২৫০,০০০

১২৬,৯৪০

তবে এলগিরদমের সব কটি শর্ত পূরণ করার পর দেখা গেছে, ফুটবলারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বেতন পাওয়ার দাবি মেসি করতেই পারেন। দ্বিতীয় গবেষণাতেও প্রথম গবেষণার চেয়ে বেতন খানিকটা বেড়েছে তাঁর। সেই অঙ্কটা ২ লাখ ৪৩ হাজারের একটু বেশি। খেলোয়াড়দের মধ্যে তাঁর আশপাশে নেই কেউ। তবে গবেষণাপত্রে স্বীকার করে নেওয়া হয়েছে, তারকামূল্য এ হিসাবের বাইরে। ফলে সমর্থকদের কারণে পাওয়া বাড়তি অর্থ কিংবা স্পনসরদের আগ্রহও যে বাস্তবে খেলোয়াড়ের বেতনে প্রভাব ফেলে, সেটি এ হিসাবে আনা হয়নি। সে হিসাব অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি বাড়তি বেতন পাওয়া পাঁচ খেলোয়াড় হচ্ছেন—

খেলোয়াড়

বর্তমান

প্রাপ্য

লিওনেল মেসি

৫৫০,০০০

২৪৩,৩৩৩

অ্যাঙ্গেল ডি মারিয়া

২৩০,০০০

৫৮,৯৭৪

রবিন ফন পার্সি

২১০,০০০

৬১,৪২৮

ইভান রাকিটিচ

১৮০,০০০

৬১,৫৫৬

নিকোলাস ওটামেন্ডি

১৬৫,০০০

৬১,৫৫৬


তবে এ তালিকার কিছু নাম নিয়ে প্রশ্ন উঠেছে। যেমন এ তালিকায় রিয়াল মাদ্রিদের ইসকোর নাম এসেছে। তাঁর বেতন দেখানো হয়েছে ১ লাখ ৭০ হাজার। কিন্তু ইসকোর বর্তমান চুক্তিতে বেতনের অঙ্কটা সাপ্তাহিক ৭০ মিলিয়নের কাছাকাছি। এ তালিকায় রোনালদোর প্রাপ্য বেতন প্রকাশ করা হয়নি। ফুটবলে কম বেতন পাওয়া খেলোয়াড়দের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এ গবেষণায়। তবে ২০১৬ সালের তথ্য ব্যবহার করায় প্রথম দুজনের বেতনের অঙ্কটাই এখন আর সত্য নয়। এবং গত মৌসুমে মাঠে যে পারফরম্যান্স পাকো আলকাসারের, তাতে তাঁর প্রাপ্য বেতন সাপ্তাহিক ১ লাখ ৭০ মিলিয়ন ইউরো—এ কথা এখন মানবেন না কেউ! সূত্র: গোলডটকম।

খেলোয়াড়

বর্তমান (২০১৬)

প্রাপ্য

বার্নার্ডো সিলভা

১০,০০০

১১৯,৯০৭

হ্যারি কেন

১৫,০০০

১১৯,৭৯৮

গ্রানিত যাকা

৭০,০০০

১৭১,১৭৬

টিমো হর্ন

২৫,০০০

১১৯,৫৮১

পাকো আলকাসার

৮০,০০০

১৭০,৫৮৮