মেসি ব্যালন ডি’অর জিতুক, চাইছেন রামোস

রিয়ালের রামোস ও বার্সেলোনার মেসি, ‘শত্রু’ ছিলেন যখনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন কিছু এক বছর আগেও কেউ কল্পনা করতে পেরেছে? একদিকে বার্সেলোনা অধিনায়ক, ওদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অধিনায়ক। বিশ্বের সেরা খেলোয়াড় কে এমন প্রশ্ন করলে, সের্হিও রামোসের মুখ থেকে অন্তত লিওনেল মেসির নামটা সরাসরি বের করতে পারতেন না কেউ। ১৬ বছর একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করার পর প্রশংসা করা যায়, কিন্তু তাঁকে সবার সেরা বলে সমর্থকদের ক্ষোভ ওগরানোর ঝুঁকি নেওয়া যায় না।

সময় বদলেছে, আজগুবি এক দলবদলে এখন মেসি-রামোস সতীর্থ। মাঠে একে অন্যকে সাহায্য করতে নামাই তাঁদের কাজ। প্রথমবারের মতো আনুষ্ঠানিক ম্যাচে কাল মাঠেও দেখা গেছে দুজনকে। প্রথমবারের মতো কোনো গোল উদ্‌যাপনও করতে দেখা গেছে তাঁদের। দুজনের মধ্যে সম্পর্ক এখন কত ভালো, সেটা বোঝা গেছে সেঁত এতিয়েনের বিপক্ষে ম্যাচ শেষে। রামোস তো বলেই ফেললেন, মেসি ব্যালন ডি’অর জিতবেন, এটাই আশা তাঁর।

বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোস
ছবি: টুইটার

৯ বছর ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ছিলেন রামোস। বর্ষসেরা খেলোয়াড় বা ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ীর প্রশ্নে বরাবরই রোনালদোর নামই বলেছেন। মেসি-রোনালদো বিতর্কে কে সেরা? সে প্রশ্নের উত্তরেও নামটা উচ্চারিত হতো পর্তুগিজ ফরোয়ার্ডের। কিন্তু এই মৌসুমে ব্যালন ডি’অর বিজয়ীর ৩০ জনের তালিকায় রোনালদোর নাম থাকলেও সম্ভাব্য বিজয়ীর তালিকায় যে রোনালদো নেই, সেটা সবার জানা।

মেসির সঙ্গে এখন দারুণ সম্পর্ক রামোসের
ফাইল ছবি: রয়টার্স

রোনালদো না থাকতে পারেন, ১২ বছর ধরে একসঙ্গে খেলা করিম বেনজেমা তো এবার ফেবারিটের তালিকায় আছেন। ফ্রান্সের ফুটবলার বলে এবার রিয়াল মাদ্রিদ তারকার পক্ষে অনেকেই উচ্চকণ্ঠ। তবে রামোসের কাছে এখন আর সাবেক ক্লাবের সম্পর্ক নয়, বর্তমান ক্লাবের প্রতি আনুগত্যই বেশি গুরুত্বপূর্ণ।

এবার ব্যালন ডি’অরের দৌড়ে আছেন তিনজন মেসি, রবার্ট লেভানডভস্কি ও করিম বেনজেমা। তবে এখন পর্যন্ত যে খবর তাতে সপ্তমবারের মতো ফ্রান্স ফুটবলের দেওয়া বর্ষসেরা পুরস্কারটা পাচ্ছেন মেসিই। গতকাল ম্যাচ শেষে রামোসকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে মেসির জন্য শুভকামনা জানিয়েছেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি চাই সে জিতুক। আমার দলে থাকা খেলোয়াড়কেই তো সমর্থন দেব। ওর জন্য আমার শুভকামনা।’

তাঁরা এখন সতীর্থ
ছবি: টুইটার

গতকাল পিএসজিকে কঠিন এক ম্যাচ পার করে দিয়েছেন মেসি। ছন্দে না থাকা এক দল ৩-১ গোলে জিতেছে আর্জেন্টাইন অধিনায়কের কারণেই। তিনটি গোলই বানিয়ে দিয়েছেন মেসি। ম্যাচ শেষে তাই তাঁর প্রশংসায় মেতেছেন রামোস, ‘সে খুব ভালো ছন্দে আছে এবং সে এমন খেলোয়াড় যে আসলেই পার্থক্য গড়ে দিতে জানে। অনন্য এক খেলোয়াড় এবং তার সঙ্গে এক দলে খেলতে পারাটা দারুণ এক অভিজ্ঞতা।’