মেসি মানেই তো পরিপূর্ণ এক প্যাকেজ

>একই পজিশনে খেলা যেকোনো তারকার চেয়ে সবকিছুতেই এগিয়ে আছেন মেসি। গোল করার ক্ষেত্রে মেসি পেছনে ফেলেছেন সালাহকে, অ্যাসিস্টের ক্ষেত্রে ম্যানসিটির কেভিন ডি ব্রুইনাকে, ড্রিবলিংয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের নেইমারকে, কি-পাসে ম্যানসিটির ডেভিড সিলভাকে।
চার ম্যাচ হাতে রেখেই ২৫তম লিগ শিরোপাটা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। লিগে এখনো তাদের হারাতে পারেনি কোনো দল। কাতালানদের এমন কৃতিত্বে লা লিগাকে পানসে মনে হতেই পারে।
লিওনেল মেসি নামের এক ‘জাদুকর’ আছেন বলেই বার্সার এমন দাপট। আগের মৌসুমগুলোর চেয়ে এবার আরও বেশি মেসিনির্ভর ছিল বার্সেলোনা। ৩২টি গোল করার পাশাপাশি অনেক ম্যাচেই সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলকে বাঁচিয়েছেন খাদের কিনারা থেকে। লিগ শেষ হওয়ার আগেই ৩২ গোল, ভাবা যায়! গত মার্চে তাঁর ফ্রি কিকের গোলে বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পেয়েছিল গুরুত্বপূর্ণ এক জয়। ২০১৭-১৮ মৌসুমে সবকিছুতেই নিজেকে সেরা হিসেবে প্রমাণ করেছেন তিনি।
স্প্যানিশ লিগ ছাড়াও অন্যান্য লিগে তাঁর একই পজিশনে খেলা যেকোনো তারকা ফুটবলারের বিশেষ যেকোনো গুণে এগিয়ে আছেন মেসি। গোল করা থেকে শুরু করে অ্যাসিস্ট, গোলের সুযোগ সৃষ্টি বা ফ্রি কিক—সবকিছুতেই মেসি সেরা। এ ক্ষেত্রে তিনি পেছনে ফেলছেন সালাহ, ডি ব্রুইনা, মেসুত ওজিলসহ নেইমার ও ডেভিড সিলভাকে।
এই যেমন সময়ের অন্যতম আলোচিত ফুটবলার লিভারপুলের সালাহর চেয়ে মেসির গোল বেশি। আবার ইংলিশ লিগে গোল করানোতে সবচেয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন করা কেভিন ডি ব্রুইনা। অথচ ব্রুইনার চেয়েও মেসির অ্যাসিস্ট বেশি। আবার গোলের সুযোগ তৈরি করার ক্ষেত্রে আর্সেনালের মেসুত ওজিল অনেক এগিয়ে ব্রুইনার চেয়ে। সেখানেও মেসি এগিয়ে আর্সেনাল প্লে মেকারের চেয়ে। অ্যাটাকিং থার্ড থেকে কি-পাসে এবার পেপ গার্দিওলার মূল অস্ত্র ছিলেন ডেভিড সিলভা। কিন্তু তবু মেসিকে ছাড়াতে পারেননি সিলভা।
এবার প্যারিস সেইন্ট জার্মেইতে নাম লিখিয়ে নেইমার দেখিয়েছেন তাঁর দুই পায়ের কারিশমা। কিন্তু এই সফল ড্রিবলিংয়ের ক্ষেত্রেও মেসি আছেন সবার আগে। আবার ইতালিয়ান লিগে ফ্রি কিক থেকে নিয়মিত গোল করে পাওলা দিবালা হইচই ফেলে দিয়েছিলেন। সেখানেও জাতীয় দলের সতীর্থের চেয়ে এগিয়ে মেসি।
মেসি মানেই তো ফুটবলের এক পরিপূর্ণ প্যাকেজ।