মেসি যাওয়ার আগে নেইমারকে আবারও আনতে চেয়েছিল বার্সা

বার্সায় যখন একসঙ্গে ছিলেন মেসি–নেইমারছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা শুনলে চোখ কপালে তুলতে বাধ্য যে-কেউই। এ কী করে সম্ভব!


বাড়তি বেতনের বিল কমানোর জন্য দলের নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ছেড়ে দিয়েছে বার্সেলোনা, এ কথা সবার জানা। যেখানে মেসির বেতন দিতেই দলটার ত্রাহি মধুসূদন অবস্থা, সেখানে বিশ্বের আরেক সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়কে দলে আনার পরিকল্পনা! এটা কীভাবে সম্ভব?

নেইমারকে আবারও আনতে চেয়েছিলেন লাপোর্তা
ফাইল ছবি: এএফপি

বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তার দাবি কিন্তু এমনটিই। জানিয়েছেন, সদ্য শেষ হওয়া দলবদলেও ক্লাবের সাবেক খেলোয়াড় নেইমারের দিকে হাত বাড়িয়েছিল বার্সা।


দ্বিতীয়বারের মতো বার্সার সভাপতির গদিতে বসেছেন গত মার্চে। সভাপতি হয়েই পিএসজি থেকে নেইমারকে দলে আনতে চেয়েছিলেন লাপোর্তা, এমনটাই বলেছেন। এসপোর্ত থ্রি-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, ‘হ্যাঁ, আমরা নেইমারকে দলে আনতে চেয়েছিলাম।’

বার্সায় ফেরার ব্যাপারে নেইমারেরও আগ্রহ ছিল
ছবি: টুইটার

আগ্রহটা যে শুধু একপক্ষীয় ছিল, তা নয়। নেইমার নিজেও বার্সায় আসতে রাজি ছিলেন বলে জানিয়েছেন লাপোর্তা, ‘নেইমার নিজে আমাদের সঙ্গে বার্সায় আসার ব্যাপারে যোগাযোগ করেছিল। সে আমাদের দলে আসতে চেয়েছিল আবার।’


সে পরিকল্পনা যে বাস্তবায়িত হয়নি, এটা সবার জানা। উল্টো পিএসজির সঙ্গেই ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেন নেইমার।

মেসি-নেইমার এখন একসঙ্গে আবারও, তবে পিএসজিতে
ছবি: এএফপি

সেই ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতার পরেও ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর দলবদলে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিতে যোগ দেন ২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।