মেসি, রোনালদো, না গ্রিজমান?
সব আয়োজনই শেষ। বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ আর অধিনায়কেরা তাঁদের ভোট দিয়ে ফেলেছেন। অনলাইনে মতামত জানিয়ে দিয়েছেন বিশ্বজোড়া সমর্থকেরা। সারা বিশ্বের দুই শর বেশি সাংবাদিকও বাক্সে ফেলেছেন তাঁদের মূল্যবান ভোট। আর মাত্র একটি দিন। এরপরই জানা যাবে কে সেরা। আগামীকাল রাতে জুরিখে ঘোষণা করা হবে ফিফা বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’-জয়ীর নাম। কে জিতবেন এই পুরস্কার—লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নাকি আঁতোয়ান গ্রিজমান?
আগুয়েরোর বাজি মেসি
আর্জেন্টিনা দলের সতীর্থ দুজন। সার্জিও আগুয়েরো মেসির ভালো বন্ধুও বটে। এসব ভেবে প্রায় সবাই-ই বলবেন, আগুয়েরো তো মেসির হাতেই পুরস্কার দেখবেন। এটা জানেন বলেই আগুয়েরো বলে রাখলেন, সম্পর্কের টানে মেসিকে পুরস্কারের যোগ্য ভাবছেন না। মেসি কেন তাঁর কাছে সেরা সেই যুক্তিও দেখিয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড, ‘মনোনয়ন পাওয়া অন্যরাসহ বাকিদের চেয়ে সে এগিয়ে। সে আমার বন্ধু বলেই বলছি না। আমি তার সঙ্গে অনুশীলন করি। তার কারিকুরি স্বচক্ষে দেখি। সে যা করে আমি তা আর কাউকে করতে দেখি না। সে-ই সেরা।’
বল পায়ে আর বল ছাড়া মেসি মাঠে অনন্য বলেই মনে করেন আগুয়েরো। মাঠে মেসির সব কারিকুরিই তাঁর চোখে খুব সাবলীল, ‘সে যেভাবে এগুলো করে তাতে মনে হয় খুব সহজ। এটা অসাধারণ।’
সান্তোসের চোখে রোনালদো
ফার্নান্দো সান্তোস আর রোনালদো গুরু-শিষ্য। এই জুটিতে ভর করেই ২০১৬ সালের ইউরো জিতেছে পর্তুগাল। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর আগে পর্তুগালের ক্লাব স্পোর্টিংয়ের কোচ ছিলেন সান্তোস। তবে আবেগ থেকেই শিষ্যকে ফেবারিট ভাবছেন না তিনি। গত বছর রোনালদোর অর্জনই তাঁকে ফিফা বর্ষসেরার পুরস্কার জেতাবে বলে মনে করেন পর্তুগাল কোচ, ‘সে যা কিছু জিতেছে, তাতে আমি নিশ্চিত ক্রিস্টিয়ানোই ২০১৬ সালের সেরা খেলোয়াড়।’
রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের পর পর্তুগালের হয়ে প্রথমবারের মতো ইউরো জেতা রোনালদো এরই মধ্যে জিতেছেন ব্যালন ডি’অর।
গ্রিজমানকে নিয়ে পগবা
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবার চোখে ফিফা বর্ষসেরার পুরস্কারটি গ্রিজমান ছাড়া আর কারও হতে পারে না। জাতীয় দলের সতীর্থের প্রতি ভালোবাসা থেকেই এমনটা বলেননি পগবা। ফরাসি মিডফিল্ডার সবাইকে চোখ রাখতে বলেছেন গত বছর অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে গ্রিজমানের পারফরম্যান্সের দিকে। গ্রিজমান অসাধারণ খেলে অ্যাটলেটিকো মাদ্রিদকে তুলেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। খুব কাছে গিয়েও জিততে পারেননি শিরোপা। ইউরোর গল্পটাও তা-ই। ফাইনালে পর্তুগালের কাছে হেরে বিসর্জন গেছে শিরোপা জয়ের স্বপ্ন। গ্রিজমানের প্রশংসায় পঞ্চমুখ পগবা, ‘আমি তাকে নিয়ে খুবই গর্বিত। ...কঠিন পরিশ্রম করেই সে দ্য বেস্ট পুরস্কারের তিনজন মনোনীতের একজন হয়েছে।’