মেসি-রোনালদো যদি বন্ধু হতেন...

পকেটে হাত রেখে আয়েশি ভঙ্গিতে ফাঁকা রাস্তায় হেঁটে চলেছেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সেলোনা ফরোয়ার্ডের ঘাড়ে হাত রেখে খোশ গল্প মেতেছেন রিয়াল ফরোয়ার্ড। রোনালদোর কথা শুনে মেসি হেসে কুটিকুটি! দুজন যেন হরিহর আত্মা।
ভাবছেন, এও সম্ভব? বাস্তবে না হলেও ভারচুয়াল জগতে দেখা মিলেছে দুই শত্রুর ‘বন্ধু’ বনে যাওয়ার অভূতপূর্ব দৃশ্যমালা। ‘ফুটবওলে’র তৈরি হাস্যরসাত্মক ভিডিওটি দেখা যাচ্ছে ইউটিউবে।
সমকালীন ফুটবলের দুই মহারথী একসঙ্গে শপিং মলে যাচ্ছেন। বাড়ির লনে সাইকেল চালাচ্ছেন মেসি, পেছনের ক্যারিয়ারে বসে রোনালদো। ব্যস্ত রাস্তায় দুজনে সেলফি তুলছেন। জিম করছেন একসঙ্গে। বিছানায় বসে খেলছেন ভিডিও গেমস। গেমসে সাফল্য পেয়ে স্বভাবসুলভ উচ্ছ্বাসে মাতছেন রোনালদো। ব্যর্থতায় মেসির নির্লিপ্ত অভিব্যক্তি। তবে সাফল্যে দুই আঙুল আকাশের দিকে তুলে বিখ্যাত সেই উদ্যাপন। অন্যদিকে হতাশায় রোনালদোর চোখে জল!
বারান্দায় উদোম গায়ে রোদে শরীরটা যেন পুড়ে যাচ্ছে সিআর সেভেনের। সানব্লক হাতে বন্ধুর কষ্টে এগিয়ে আসছেন আর্জেন্টিনা অধিনায়ক! খুশিতে রোনালদোর ‘থাম্ব-আপ’ আর মুখে ঝিলিক দেওয়া হাসি।
ক্যালকুলেটর নিয়ে বিরাট হিসাব-নিকাশে বসেছেন বার্সা ফরোয়ার্ড। অদূরে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে রোনালদো। তাতে লেখা—‘এপ্রিল ১৫, কর দিবস’। সাম্প্রতিক সময়ে মেসির কর ফাঁকি সংক্রান্ত জটিলতা তুলে ধরা হয়েছে এ দৃশ্যে। জটিলতা সেরে কিছুক্ষণ পর বেরিয়ে পড়েছেন দুজন। রোলার কোস্টারে মেতে উঠছেন বিমল আনন্দে।
শেষ দৃশ্যটা আরও চমৎকার, পেটে খিল লাগিয়ে দেবে আপনাকে। প্রকৃতির ডাকে সাড়া দিতে বসেছেন রোনালদো। তবে বেমালুম ভুলে বসেছেন টয়লেট পেপার নিতে। বন্ধুর এ বিপদে টয়লেট পেপার হাতে এগিয়ে এসেছেন মেসি। পর্তুগিজ তারকার হাসি দেখে কে!
আহ, বাস্তবে যদি দেখা যেত এসব দৃশ্য!