মেসি-রোনালদোদের টপকে যখন ভোট পেয়েছেন মাচেরানোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাচেরানো-হ্যাজার্ডরাও ​কারও কারও প্রথম পছন্দের ফুটবলার ছিল ফিফা ব্যালন ডি’অরের ভোটাভুটিতে। ফাইল ছবি
মাচেরানো-হ্যাজার্ডরাও ​কারও কারও প্রথম পছন্দের ফুটবলার ছিল ফিফা ব্যালন ডি’অরের ভোটাভুটিতে। ফাইল ছবি

রয় হজসন গতবার সবচেয়ে বড় শিরোনামের জন্ম দিয়েছিলেন। সেরা হিসেবে তাঁর ভোট গিয়েছিল হাভিয়ের মাচেরানোর ঘরে! অনেক হাসাহাসি হয়েছিল তাঁর এই ভোট নিয়ে, তবে অবশেষে ‘সঙ্গী’ পেলেন ইংল্যান্ড কোচ, এক বছর পর। এবারও ‘১’-এ আছেন মাচেরানো। তা-ও একজন নয়, তিন-তিনজন সেরার ভোট দিয়েছেন মাচেরানোকে! গুয়াতেমালা অধিনায়ক হামবার্তো কার্লোস রুইজ, মৌরিতানিয়া অধিনায়ক ঔমার এনডিয়ায়ে ও নরওয়ে
অধিনায়ক পার সিলিয়ান স্কেলব্রেডের মনে হয়েছে, আর্জেন্টাইন মিডফিল্ডারের গত বছরের পারফরম্যান্স বর্ষসেরা হওয়ার দাবি রাখে!

ফিফা বর্ষসেরা পুরস্কারের ‘আসল’ মজাটা শুরু হয় অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর, ফিফা যখন তাঁদের ওয়েবসাইটে ২০৯ দেশের কোচ-অধিনায়ক ও সাংবাদিকেরা কে কাকে ভোট দিলেন সেই তালিকা প্রকাশ করে। অবশ্যই এসব ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অনেক বড় ব্যাপার, কিন্তু আসল মজাটাও এখানেই। প্রতি বছরই কিছু কিছু অবিশ্বাস্য ধরনের ‘নজরকাড়া’ ভোট থাকে, এবারও বা তার ব্যতিক্রম হবে কেন! এমন কিছু মজার ভোটাভুটি দেখে নিন -


হজসন এবারও: এবার মাচেরানোকে ভোট দেননি তো কী হয়েছে, হজসন এবারও ভোট দিয়ে আলোচনায়। ‘১’-এর ভোটটা লিওনেল মেসিকে দিয়ে এবার সবার সঙ্গে তাল মিলিয়েছেন। ‘২’-এর ভোটটিও মিলে গেছে, ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু হাসাহাসি হচ্ছে তাঁর তৃতীয় ভোটটি নিয়ে—এডেন হ্যাজার্ড! ইংলিশ সংবাদমাধ্যমগুলো তো মজা করে এমনও লিখেছে, হজসন সম্ভবত ভোটটা ছয় মাস আগে দিয়েছেন। নতুবা বেমালুম ভুলে গেছেন, ২০১৫-এর শেষ অর্ধটা মোটামুটি অবনমন অঞ্চলের আশপাশেই কাটিয়েছে চেলসি। আর তাতে হ্যাজার্ডের ‘অবদান’? মৌসুমে এখনো কোনো গোল করেননি বেলজিয়ান মিডফিল্ডার। অবশ্য হজসন বলতেই পারেন ‘এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তো তিনে দিয়েছি, ভিনসেন্ট কোম্পানির মতো অনেকে যে হ্যাজার্ডকে একে রাখল? আর মালয়েশিয়ার কোচ যে ইয়াইয়া তোরেকে একে রাখল সেটি নিয়ে হাসাহাসি হচ্ছে না কেন?’


রুনির সেরা মরিনহো: ভোট নিয়ে প্রশ্ন নেই। তবে ওয়েইন রুনি ভোটটা যখন দিয়েছেন, তখন কী আর জানতেন যে কদিন পরেই চেলসি থেকে বরখাস্ত হবেন হোসে মরিনহো। আর ওল্ড ট্রাফোর্ডের বাইরে যে মরিনহোর মুখ আঁকা ম্যানচেস্টার ইউনাইটেডের স্কার্ফ বিক্রি হবে সেটির সঙ্গেও নিশ্চয়ই রুনির ভোটের কোনো সম্পর্ক নেই। গুড টাইমিং, রুনি!


বেলের বন্ধুরা: পুরস্কার জেতেননি, তবে গ্যারেথ বেল বেশ তৃপ্ত হতে পারেন, প্রয়োজনের সময় কাছে পাবেন এমন বন্ধু তাঁর কম নেই। সেটা ক্লাবই হোক, আর জাতীয় দল। ওয়েলসের কোচ ও অধিনায়ক দুজনেরই বর্ষসেরা ছিলেন বেল। সেটি তো জানা কথাই। বেল খুশি হবেন রোনালদোর ভোট দেখেও। দুজনের মধ্যে জমছে না বলে যে একটা গুঞ্জন চালু আছে, সেটিকে ভুল প্রমাণ করল রোনালদো ভোট। অবশ্য বেনজেমা-হামেসের পর তৃতীয় পছন্দ হিসেবে বেলকে ভোট দিয়েছেন পর্তুগাল অধিনায়ক।


মেসি-রোনালদো বন্ধু নন: মুখে যতই বলুন ‘আমাদের মধ্যে কোনো ঈর্ষা নেই’, মেসি-রোনালদোর দোস্তি কিন্তু নেই! মেসির ভোট সব বার্সেলোনার ঘরে (সুয়ারেজ, নেইমার ও ইনিয়েস্তা), রোনালদোর ভোট সব রিয়ালের ঘরে (বেনজেমা, হামেস ও বেল)।


ক্লাবপ্রীতি:
মেসি-রোনালদোর ভোটকে হয়তো নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণে আলাদা চোখে দেখছেন। তাহলে মেহদি বেনাশিয়া বা ক্লদিও পিজারোকে কী বলবেন? দুজনই তিন ভোটই দিয়েছেন ক্লাব বায়ার্ন মিউনিখের তিন খেলোয়াড়কে। এমন ‘আমার ক্লাব সেরা’ তালিকা করতে শুরু করলে হামেস রদ্রিগেজ, রবার্ট লেভানডফস্কি, নেইমার, আরদা তুরান... তালিকাটা লম্বাই হবে।