মেসি-রোনালদো জুটি হবে, কল্পনা করতেও পারছেন না তিনি
মেসি-রোনালদো, মেসি-নেইমার, নাকি মেসি-আগুয়েরো; আগামী মৌসুমে কোন জুটিটি দেখা যাবে ইউরোপের ক্লাব ফুটবলে? লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চাওয়ার ঘোষণা দেওয়ার পর ফুটবল বিশ্বে চলছে এই আলোচনা।
বেশির ভাগ ফুটবল অনুসারীদের ধারণা, মেসি ম্যানচেস্টার সিটিতেই নাম লেখাবেন। ক্লাবটিতে আছেন তাঁর সাবেক কোচ পেপ গার্দিওলা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, এরই মধ্যে মেসির জন্য বার্সাকে প্রাথমিক একটা প্রস্তাব দিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত যদি আর্জেন্টাইন ফরোয়ার্ড সিটিতেই নাম লেখান তাহলে ফুটবল বিশ্ব আগামী মৌসুমে দেখবে মেসি-আগুয়েরো জুটি। ইংল্যান্ডের ক্লাবটিতে বহুদিন ধরেই খেলছেন মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ সার্জিও আগুয়েরো।
অন্যদিকে মেসিকে নিজের ক্লাবে পেতে চাইছেন নেইমারও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নাকি এরই মধ্যে তাঁর ইচ্ছার কথা পিএসজি কর্তৃপক্ষকে জানিয়েছেন। ২০১৩ থেকে ২০১৭—এই চার বছর বার্সেলোনায় খেলেছেন নেইমার। মেসি ও সুয়ারেজের সঙ্গে ন্যু ক্যাম্পে গড়ে তুলেছিলেন দুর্দান্ত এক ত্রয়ী। যে ত্রয়ীর কল্যাণে ২০১৫ সালে সর্বশেষ ট্রেবল জিতেছিল বার্সা। পিএসজিতে কি আবার সেই এমএনএস ত্রয়ী হবে? লুইস সুয়ারেজকেও যে সামনের মৌসুমে বার্সা ছাড়তে হতে পারে। দলটির নতুন কোচ রোনাল্ড কোম্যান যে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন সুয়ারেজ তাঁর পরিকল্পনায় নেই। ত্রয়ী হওয়ার সম্ভাবনা না থাকলেও পিএসজিতে মেসি-নেইমার জুটি হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই।
রইল বাকি মেসি-রোনালদো জুটি হওয়ার সম্ভাবনা। লা লিগায় এক সময়ের তীব্র দুই প্রতিদ্বন্দ্বী কাঁধে কাঁধ মিলিয়ে একই দলের জয়ের জন্য লড়বেন—ইউরোপের ফুটবলে এই দৃশ্য দেখতে চাওয়ার লোকের সংখ্যা কম নয়! কিন্তু আসলে কি এমনটা হবে যে সময়ের দুই সেরা ফুটবলার একই জার্সিতে খেলবেন! কিন্তু জুভেন্টাসের কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান কুয়াদ্রাদো এটা কল্পনাই করতে পারছেন না। মেসি জুভেন্টাসে নাম লেখালে অবাকই হবেন তিনি, ‘আমি তো এটা (মেসির জুভেন্টাসে নাম লেখানোর বিষয়) কল্পনাই করতে পারি না।’
তবে ফুটবলের দলবদল বলে কথা! এখানে এমন অনেক কিছুই হয় যেটা কেউ কখনো ভাবতেও পারেন না। এই যেমন নেইমারের পিএসজিতে নাম লেখানো, ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার মতো ঘটনাও তো ঘটে। কুয়াদ্রাদো যেমন বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর বেলায়ও অবশ্য এমনটাই হয়েছিল। অনেকেই ভাবতে পারেনি যে সে জুভেন্টাসে নাম লেখাবে। কিন্তু হঠাৎই সে চলে এল।’
মেসির বেলায়ও হঠাৎই যদি এমন ঘটনা ঘটে যায়, সবাইকে অবাক করে তিনি নাম লেখান জুভেন্টাসে; বিশ্বজোড়া ফুটবলপ্রেমীরা খুশিই হবেন। সময়ের দুই সেরা ফুটবলার জুটি বেঁধে খেলছেন, এটা দেখতে সবারই ভালো লাগবে। শেষ পর্যন্ত সেটা যদি না-ই হয়, বাকি দুই জুটি হলেও মন্দ হবে না!