মেসি-রোনালদো তো বন্ধু!

লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের খুব অনিয়মিত দর্শকও নাম দুটো শুনলে চোখ বুজেই বলবেন যে এঁরা নিশ্চয় বন্ধু নন। দুজন খেলেন ফুটবল জগতের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবে। মাঠের বাইরেও একে অন্যের প্রতিপক্ষ। রোনালদো বিপণন দূত হিসেবে কাজ করেন নাইকির, মেসি আবার অ্যাডিডাসের। যে নাইকি-অ্যাডিডাসের শত্রুতা সাপে-নেউলের মতো।
যা-ই বলুক, মেসি কিংবা রোনালদো কিন্তু কখনো একে অন্যকে ‘শত্রু’ বলে দাবি করেননি। কারও কারও দাবি, দুজনকে প্রতিদ্বন্দ্বী বানানোর কাজটি আসলে করেছেন সাংবাদিক এবং কিছু কিছু বোদ্ধা। সময়ের সেরা ফুটবলার বানাতে গিয়েই এই দুজনের মধ্যখানে লড়াইয়ের একটা প্রকাশ্য দেয়াল তারা তুলে দিয়েছেন। অথচ, একটু খেয়াল করলে দেখা যাবে এই দুজনে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একের পর এক অনন্য কীর্তি গড়ে চলেছেন। দুজনই যেন দুজনের মিতা! কত অমিল থেকেও কী ভীষণ মিল তাঁদের মধ্যে!
গত ম্যাচের কথাই ধরুন। ম্যাচের একদম শেষ মুহূর্তের গোলে মেসি করেছেন নিজের ক্যারিয়ারের ৪০০তম গোলটি। রিয়ালের ম্যাচে শেষ মিনিটে গোল করেছেন রোনালদোও। যেই গোলটি পূর্ণ করেছে সিআর সেভেনের টানা ৫ মৌসুমে ৫০ গোল করার মতো আরেকটি অনন্য কীর্তি। সময়ের ভেলায় চড়ে আরও খানিকটা পেছনে যাওয়া যায়, তাহলে দেখা যাবে ২০১০ সালের ২০ নভেম্বর এই দুজন প্রথম একই দিনে হ্যাটট্রিক করেন। রোনালদো হ্যাটট্রিক করেছিলেন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে, আর মেসির হ্যাটট্রিকটা এসেছিল আলমেরিয়ার সঙ্গে।
একই রকম ঘটনা আছে তার পরের মৌসুমেও। ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর রোনালদোর হ্যাটট্রিক আসে রায়ো ভায়োকানোর বিপক্ষে। সেদিনই মেসি হ্যাটট্রিক পান অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। ২০১২-১৩ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ন্যু ক্যাম্পে মুখোমুখি হয় দুদল। ২-২ ড্র। মজার ব্যাপার হলো, সেদিন নিজ নিজ দলের পক্ষে ২টি গোলই এসেছিল মেসি এবং রোনালদোর কাছ থেকে।
ওই মৌসুমেই একই দিনে দুজনের হ্যাটট্রিকের মতো ঘটনা আছে আরও একটি। এমনকি, লা লিগায় দুজনের হ্যাটট্রিক সংখ্যাই আজ পর্যন্ত একেবারে সমান, ২৪টি। মিল আছে মেসি-রোনালদোর চ্যাম্পিয়নস লিগ গোল সংখ্যাতেও। দুজনের নামেই জমা পড়েছে ৭৫টি করে গোল।
এ সময়ের সেরা ফুটবলার কে? এটা নিয়ে বিতর্ক, আলোচনা-সমালোচনা হবেই। দুজনই খেলেন ভিন্ন দলের হয়ে। ফলে ‘মাঠের লড়াই’ তো আর উড়ে যাবে না। প্রতিযোগিতা চলবেই। সুস্থ প্রতিযোগিতা কিন্তু দুজনের ভেতরকার সেরাটাই বের করে আনতে পারে। কিন্তু দুজনকে ‘শত্রু’ বানিয়ে দিতে যে প্রাণান্তকর চেষ্টা, সেটার একটা অন্ত হওয়া উচিত।
রোনালদো না মেসি সেরা—এই বিতর্ক অর্থহীন। দুজনকেই সেরা মেনে আমরা বরং দুই মহান শিল্পীর কারুকাজ উপভোগ করে যেতে পারি!