মেসি-রোনালদো নয়, মুলার-রিবেরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লিওনেল মেসি কীভাবে খেলে দেখেছ? ওর মতো খেলার চেষ্টা করবে।’ কিংবা ‘ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলতে পারো না?’

ফুটবলার সন্তানকে অনেক মা-বাবাই হয়তো এমন পরামর্শ দিয়েছেন। ছেলেকে মেসি, রোনালদোর মতো হতে হবে, এমন মন্ত্র অনেকেই হয়তো পড়ে দেন সন্তানের কানে। কিন্তু থিয়েরে অঁরির ধারণা অন্য রকম। মেসি, রোনালদোর মতো নয়, অঁরি বলছেন শিশুদের উচিত ফ্রাঙ্ক রিবেরি বা টমাস মুলারকে অনুসরণ করা!

সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড অঁরি মেসির সতীর্থ ছিলেন। আর আর্সেনালে থাকার সময় ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখেছেন খুব কাছ থেকেই। তাহলে কেন অঁরি এই দুজনকে অনুসরণ করতে উঠতি ফুটবলারদের বারণ করছেন? যুক্তিটা সাবেক ফ্রেঞ্চ স্ট্রাইকারের মুখেই শুনুন, ‘স্টেপওভার, দক্ষতা এটাই তো সবকিছু নয়। রোনালদো আর মেসি আসলে পাগল ছাড়া কিছু নয়। ওদের কখনো অনুসরণ করতে যেয়ো না।’ সরাসরি বলেননি, অঁরি বুঝিয়ে দিলেন—মেসি, রোনালদোর মতো প্রতিভা জন্মগত, ওটা অনুকরণ করার চেষ্টা বৃথা।

কিন্তু তাই বলে বায়ার্নের মুলার বা রিবেরি কেন? অঁরি বলছেন, ‘মুলার যা করছে খেলাটা কিন্তু সেটাই। আমার ছেলে যদি এখন খেলত, আমি ওকে বলতাম, “মুলারকে দেখো, রিবেরিকে দেখো। অনুকরণ করলে ওদের করতে পারো।”’

অঁরি মনে করেন, মুলারকে ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, ‘বিশ্বকাপে সে (মুলার) যা করেছে, মানুষজন এটা নিয়ে কথা বলে না। অথচ তাদের কিন্তু বলা উচিত।’ প্রশংসার ঝাঁপি খুলে দিয়ে বলেছেন, ‘সে যেভাবে খেলে সেভাবেই খেলা উচিত, সে রক্ষণে সাহায্য করে, আক্রমণ করে, যখন দরকার বল নিজের নিয়ন্ত্রণে রাখে, পাস দেওয়ার দরকার হলে দেয়। ফিনিশ করতে হলে সেটাও করে। সে স্টেপওভার করে না, কিন্তু যখন পারফর্ম করার দরকার হয়, সে করে। খেলায় আপনি ওর কাছে যেমন চাইবেন, সেটা সে দেবে।’

অঁরি এখন এমএলএস ক্লাব নিউইয়র্ক রেড বুলসে খেলেন। এই সপ্তাহেই নামবেন মেজর লিগ অল স্টার একাদশের হয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। মুলার, রিবেরির সঙ্গে সেখানে দেখা হলেও হতে পারে তাঁর। গোলডটকম।