মেসি+রোনালদো = ভার্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এই দেখো, আমি ভার্ডি। চিনে রাখো আমাকে’—এটাই কী বলতে চাইছেন লেস্টার সিটি স্ট্রাইকার? ছবি: এএফপি
‘এই দেখো, আমি ভার্ডি। চিনে রাখো আমাকে’—এটাই কী বলতে চাইছেন লেস্টার সিটি স্ট্রাইকার? ছবি: এএফপি

কী ভয়ংকর হঠকারিতা। সমীকরণের বামপক্ষের দুজন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা দুই, আর ভার্ডি? লেস্টার সিটির হয়ে এই মৌসুমে দুর্দান্ত খেলছেন বটে, তবে এই মৌসুমের আগে কেইবা চিনত তাঁকে? আর বলা হচ্ছে কিনা, মেসি আর রোনালদোকে যোগ দিলে ভার্ডি পাওয়া যায়? পাগলামি নাকি!

না পাগলামি নয়। খেলার ধরন, মাঠে প্রভাব—এগুলোর বিচারে লেস্টার সিটি স্ট্রাইকার জেমি ভার্ডি কোনোভাবেই লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কাতারে পড়েন না। ওই দুজন তো বর্তমান সময় ছাপিয়ে ফুটবলের চিরকালীন ইতিহাসে তাঁদের জায়গা পাকা করে নিয়েছেন। মেসি-রোনালদোর সেই পর্যায়ে ভার্ডি কখনো যেতে পারবেন—সেই আশা একটু বাড়াবাড়িই। তবে একটা জায়গায় ঠিকই আর্জেন্টাইন ও পর্তুগিজ ফরোয়ার্ডকে পেছনে ফেলে দিয়েছেন এই ইংলিশ স্ট্রাইকার। হয়তো অল্প কিছু সময়ের জন্য, তবে একটা জায়গায় মেসি আর রোনালদোকে যোগ দিলে সত্যিই ভার্ডিকে পাওয়া যায়। অনভ্যস্ত কানে হয়তো একটু খটকা লাগবে—সেটা গোল সংখ্যার বিচারে!

আপাত অবিশ্বাস্য এই কাণ্ডই ঘটে গেছে। গতকাল চেলসির বিপক্ষে লেস্টারের ২-১ গোলে জয়ের ম্যাচে দলের প্রথম গোলটি করে এই কাণ্ড ঘটিয়েছেন ভার্ডি। প্রিমিয়ার লিগে এই মুহূর্তে ভার্ডির গোল সংখ্যা ১৫; যা কিনা স্প্যানিশ লিগে মেসি ও রোনালদোর গোলের যোগফল। স্প্যানিশ লিগে এই মৌসুমে রোনালদোর গোল ১০ টি, মেসি করেছেন তার অর্ধেক।

যদিও চোটের কারণে মেসি দুমাস মাঠের বাইরে ছিলেন, আর রোনালদো তো এই মৌসুমে ফর্মের সঙ্গে যেন লুকোচুরি খেলছেন। এক ম্যাচে হ্যাটট্রিক করছেন, তো পরের ম্যাচে মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছে না তাঁকে। তবে ভার্ডির অত চিন্তা করতে বয়েই গেছে। এমন কীর্তি তো আর প্রতিদিন আসে না! ভাবা যায়, বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের গোল যোগ দিলে পাওয়া যায় তাঁর গোলসংখ্যা!

এই ফর্ম চালিয়ে যেতে পারলে এবারের ইউরোপিয়ান গোল্ডেন শুটাও পেয়ে যেতে পারেন ভার্ডি। তার জন্য অবশ্য নিজের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি প্রার্থনা করতে হবে, অন্যদের ফর্মেও যেন কিছুটা উত্থান-পতন থাকে। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি, ইউরোপের সেরা পাঁচ লিগ মিলিয়েও তাঁর চেয়ে বেশি গোল করেছেন, এমন আছেন কেবল একজনই—বরুসিয়া ডর্টমুন্ডের পিয়েরে এমেরিক অবামেয়াং (১৮)। বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কির গোল ভার্ডির সমান। ১৪ গোল নিয়ে পেছনে আছেন তিন লিগের তিন সর্বোচ্চ গোলদাতা  - ফ্রেঞ্চ লিগে ইব্রাহিমোভিচ, ইতালিয়ান সিরি আ-তে গঞ্জালো হিগুয়েইন আর স্প্যানিশ লিগে নেইমার।
অবশ্য মেসি-রোনালদোর এই ব্যাপারে কিছু বলার থাকতে পারে। এখনো তো লিগের দুই-তৃতীয়াংশ বাকিই আছে। এই ‘৫’ আর ‘১০’ কে ‘৪৫’ আর ‘৫০ করে ফেলা তাদের জন্য অসম্ভব কিছু নয়। তবে ভার্ডির জন্য অন্তত এটুকু সান্ত্বনা তো থাকবেই—অখ্যাত লেস্টার সিটির স্ট্রাইকার হয়েও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এত এত বড় ক্লাবগুলোর এত এত সব বিশ্বসেরা তারকার সঙ্গে। তথ্যসূত্র: অপ্টাস্পোর্টস।