মেসি-রোনালদো 'যোগ্য' নয়, বললেন ম্যারাডোনা

রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০১৪ সালটা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য যেন সব পাওয়ার বছর! ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে তাই অনেকেই এগিয়ে রাখছেন পুর্তগিজ তারকাকে। দলীয় সাফল্য না পেলেও একের পর এক রেকর্ড সৃষ্টি ও বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ায় লিওনেল মেসির পক্ষে বাজি ধরার লোকেরও অভাব নেই! তবে ডিয়েগো ম্যারাডোনার বিচারে এই দুই তারকা নন, এবার ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
রেডিও হাবানা কিউবার পক্ষ থেকে আর্জেন্টিনা কিংবদন্তিকে যখন জিজ্ঞেস করা হলো, কে জিতবে এবার ব্যালন ডি’অর? ম্যারাডোনার পাল্টা প্রশ্ন, ‘ব্যালন ডি’অরের জন্য কে সেরা? মেসি নয়, রোনালদোও নয়। আমার মতে, এ পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য নয়্যার।’ হয়তো বিশ্বকাপ সাফল্যের জন্যই নয়্যারকে এগিয়ে রাখছেন ম্যারাডোনা। যদি ছিয়াশির মহানায়কের কথা সত্যি হয়, তবে ১৯৬৩ সালে লেভ ইয়াশিনের পর প্রথম কোনো গোলরক্ষকের হাতে উঠবে বিশ্বসেরা পুরস্কার।
চূড়ান্ত উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ১২ জানুয়ারি পর্যন্ত। তথ্যসূত্র: গোলডটকম।