মেসি-রোনালদোর পর হ্যাজার্ড!
লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কিন্তু এই দুজনের পর কার নাম আসবে? ব্রাজিল কোচ দুঙ্গা যেমন নেইমারের নাম বলছেন। তবে জিনেদিন জিদান বেছে নিচ্ছেন চেলসির এডেন হ্যাজার্ডকে।
চেলসির বেলজিয়ান উইঙ্গার গত মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হয়েছিলেন। এই মৌসুমটা অবশ্য একদমই ভালো যাচ্ছে না। চেলসি যেমন লিগে খাবি খাচ্ছে, হ্যাজার্ডও নিজেকে হারিয়ে খুঁজছেন। এই মৌসুমে লিগে এখনো গোলের দেখা পাননি, একবার তো প্রথম একাদশেই জায়গা পাননি। তাঁকে নিয়ে জিদানের মুগ্ধতার রেশ অবশ্য তাতে কাটেনি, ‘মেসি, রোনালদোর পর হ্যাজার্ডই আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। ওর খেলা আসলেই দারুণ।’ জিদানের সংশয় নেই যে হ্যাজার্ড খুব শিগগির নিজেকে ফিরে পাবেন, ‘আমার কোনো সংশয় নেই, সে ভালোমতোই ফিরবে।’
এ মুহূর্তে জিদান রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ। তাহলে কি রিয়ালে হ্যাজার্ডকে দেখার একটা সম্ভাবনা আছে? ‘জিজু’ খানিকটা রহস্যই রেখে দিলেন, ‘আমি কি ওকে রিয়াল মাদ্রিদে দেখতে পাচ্ছি? আমি ওকে পছন্দ করি, আপাতত এতটুকুই বলতে পারি।’ মার্কা।