মেসি-রোনালদোর পাশে...
কয়েক মাস আগেও কথাটা তাঁকে কেউ বললে হয়তো হেসে উড়িয়ে দিতেন। বরুসিয়া ডর্টমুন্ডের পিয়েরে এমেরিক অবামেয়াং এই মৌসুমে মেসি-রোনালদোর সঙ্গে পাল্লা দিয়ে গোল করবেন, সেটা এই মৌসুমের আগে কেউ কি ভাবতে পেরেছিলেন? অথচ সেই অবামেয়াং এখন টগবগ করছেন আত্মবিশ্বাসে, বলতে পারছেন এই মৌসুমে ছুঁয়ে ফেলবেন মেসি-রোনালদোকে!
গত মৌসুমে বুন্দেসলিগায় ৩১ ম্যাচে করেছিলেন ১৬ গোল। এবার লিগে ১০ ম্যাচেই করে ফেলেছেন ১৩টি। এই হারে চলতে থাকলে সংখ্যাটা ৪০ পেরিয়ে যেতেই পারে। অবামেয়াংয়ের চোখ কিন্তু আরও দূরে, ‘রোনালদো যদি এক মৌসুমে ৫০ গোল করে ফেলতে পারে, তাহলে আমি কেন পারব না? বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন হওয়াটাই আমার লক্ষ্য।’ তবে অবামেয়াং মানছেন এই ধারাবাহিকতা ধরে রাখাটাই হবে সবচেয়ে কঠিন, ‘আমার এখন কিসের অভাব? আমাকে অনেক বেশি ধারাবাহিক হতে হবে। মৌসুমের পর মৌসুম এ রকম খেতে যেতে হবে; রোনালদো-মেসি যেটা করছে।’
এক মৌসুম আগে নিজের কথাটাও মনে করিয়ে দিলেন, ‘আমি হাল ছেড়ে দিতে চাই না। কয়েক বছর আগেই বলেছিলাম মৌসুমে ৪০ গোল করার সামর্থ্য আছে আমার। সেটা অর্জন করার জন্য চেষ্টা করছি। গোলের সামনে আমার অনেক উন্নতি হয়েছে। অনেক পথ পাড়ি দিতে হয়েছে আমাকে, সেটার পুরস্কার পেয়ে ভালোই লাগছে। তবে এখানেই শেষ নয়।’ ফোরফোরটু।