ফুটবলের কোনো বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত সেরা তিনে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি থাকবেন, তা তো জানা কথাই। প্রশ্নটা সব সময় থাকে, অন্যজন কে? ২০১৬-১৭ মৌসুমের উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের তালিকায় সেই অন্যজন—জিয়ানলুইজি বুফন! ১০ জন থেকে নামিয়ে গতকাল তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। পুরস্কার দেওয়া হবে ২৪ আগস্ট মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের দিন।
এই একটা পুরস্কারই আছে, যেখানে শুধু ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ‘দ্বৈতাধিপত্য’ নেই! ফিফার বর্ষসেরা বা এখন আলাদা হয়ে যাওয়া ব্যালন ডি’অর তো আর কাউকে জিততে দেবেন না বলেই যেন পণ করেছেন দুজন। ২০০৭ সালের পর ওই দুটি পুরস্কারে মেসি-রোনালদোর বাইরে আর কারও হাত পড়েনি। ২০১১ সালে চালু হওয়া উয়েফার বর্ষসেরা পুরস্কার পাওয়া খেলোয়াড়দের তালিকাতেও তাঁরাই সবার ওপরে—দুজনই জিতেছেন দুবার করে (মেসি ২০১০-১১ ও ২০১৪-১৫ মৌসুমে, রোনালদো ২০১৩-১৪ ও গত মৌসুমে)। তবে এঁদের বাইরে ২০১১-১২ মৌসুমে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা, তার পরের মৌসুমে ফ্রাঙ্ক রিবেরি।
গত ১২ মাসে ঘরোয়া লিগ, আন্তমহাদেশীয় টুর্নামেন্ট ও আন্তর্জাতিক ম্যাচ সবকিছুর পারফরম্যান্স বিবেচনায় নিয়েই এই মনোনয়ন। ভোট দিয়েছেন গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে খেলা ৮০টি ক্লাবের কোচ ও ৫৫ জন মনোনীত সাংবাদিক। প্রাথমিকভাবে ১০ জনের তালিকায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদেরই ছিলেন চারজন—রোনালদোর পাশাপাশি লুকা মডরিচ (৪র্থ), টনি ক্রুস (৫) ও সার্জিও রামোস (৭)। মেসি ছাড়া বার্সেলোনার আর কেউ নেই, বুফনের পাশাপাশি জুভেন্টাসের পাওলো দিবালা ছিলেন তালিকার ছয়ে। তালিকায় অন্য তিনজন—মোনাকোর কিলিয়ান এমবাপ্পে (৮), বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি (৯) ও ম্যানচেস্টার ইউনাইটেডের ইব্রাহিমোভিচ (১০)। এএফপি।