মেসি-রোনালদোর হুমকি এখন লেভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট লেভানডফস্কি
রবার্ট লেভানডফস্কি

ভলফ্সবুর্গের বিপক্ষে নয় মিনিটে ৫ গোল করেই ওলটপালট করে দিলেন রেকর্ড বইটা। পরের দুই ম্যাচে গোল করলেন আরও পাঁচটি—আট দিনে ৩ ম্যাচে ১০ গোল। একের পর এক অতিমানবীয় কীর্তিতে রবার্ট লেভানডফস্কি ফুটবল-বিশ্বেই এখন নতুন আলোড়ন। বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকারের জন্য এখন নতুন নতুন বিশেষণ খুঁজতে হচ্ছে।
বিগত কয়েক বছরে দুজন খেলোয়াড়ই বারবার এমন মধুর ‘ঝামেলা’য় ফেলেছেন ফুটবলামোদীদের—ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এই কটা দিনেই অনেক রেকর্ড ও অনুমানকে লন্ডভন্ড করে দেওয়া লেভা পারবেন অন্তত গোলের সংখ্যায় এই দুজনের সঙ্গে একই বন্ধনীতে নাম লেখাতে?
সেদিনই বুন্দেসলিগায় গোলের সেঞ্চুরি করে ফেললেন লেভানডফস্কি, জাতিতে জার্মান নন এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম সময়ে। এ মৌসুমে ক্লাবের হয়ে সব মিলিয়ে দশ ম্যাচে ১৪ গোল করেছেন, ইউরো বাছাইপর্বে ৩ গোল। এ পর্যন্ত ইউরো বাছাইয়ে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা। ৩১ শতাংশ শটকে গোলে পরিণত করার হার। লেভানডফস্কিকে এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ‘ভয়ংকর’ স্ট্রাইকার বলতে কারোর আপত্তি থাকার কথা নয়।
একটা জায়গায় অবশ্য মেসি-রোনালদোর সঙ্গে মিল আছে ২৭ বছর বয়সী স্ট্রাইকারের। আর্জেন্টাইন ও পর্তুগিজ তারকাকে ঘিরেই যেমন আবর্তিত হয় বার্সেলোনা ও রিয়ালের খেলা, তেমনি ‘লন্ডভন্ডস্কি’তেই সার্থকতা পায় বায়ার্নের আক্রমণ। পরীক্ষা-নিরীক্ষায় আপাতত যতি দিয়ে প্রথাগত স্ট্রাইকারকেন্দ্রিক আক্রমণের কৌশলেই দলকে খেলাচ্ছেন বায়ার্ন কোচ পেপ গার্দিওলা। লেভানডফস্কির গোলের উৎসমুখে থাকছে উইং থেকে ডগলাস কস্তা ও কিংসলে কোম্যানের গতি এবং মিডফিল্ডে গোটশে-মুলারদের স্কিল। বায়ার্নকেও দেখাচ্ছে ইয়ুপ হেইঙ্কেসের ট্রেবলজয়ী দলটির মতো ক্ষুরধার।
লেভার ওপর এখন প্রত্যাশা বেড়ে গেছে গার্দিওলারও, ‘আমি ওকে শুধু গোলই করতে দেখতে চাই না। আমি চাই আমাদের দর্শনে ওর যে ভূমিকা সেটা যেন ও ঠিকভাবে পালন করে। আমি চাই ও লম্বা বল ধরবে, পাস দেবে, উইং থেকে আসা ক্রসে মনোযোগ দেবে এবং সুযোগগুলো কাজে লাগাবে।’
দলের এই ক্ষিপ্রতা ধরে রেখেই হয়তো এবার চ্যাম্পিয়নস লিগটা জিততে চাইবেন গার্দিওলা। সেটা খুবই সম্ভব। যদি বায়ার্ন জেতে আর তাতে এমন করে অবদান রেখে যেতে পারেন লেভানডফস্কি। কে বলতে পারে, এতে ব্যালন ডি’অরের ‘দ্বৈতশাসন’ ভেঙে হয়তো সেটি ২০১৭-এর জানুয়ারিতে উঠল লেভার হাতেই! গোলডটকম, ফোরফোরটু।