মেসি শুধু জয়ই পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিগুয়েইনের গোল উদ্‌যাপনের দুই সঙ্গী মেসি ও ডি মারিয়া l রয়টার্স
হিগুয়েইনের গোল উদ্‌যাপনের দুই সঙ্গী মেসি ও ডি মারিয়া l রয়টার্স

বুটে ১০০ সংখ্যাটা খোদাই করা, সঙ্গে আর্জেন্টিনার পতাকা। মাঠে নামার সঙ্গেই সঙ্গেই ‘মেসি, মেসি’ চিৎকারে প্রকম্পিত চারদিক। আর্জেন্টিনার জার্সি গায়ে শততম ম্যাচ খেলার কীর্তি তো খুব বেশি ফুটবলারের নেই! জ্যামাইকার বিপক্ষে গোল পেলে দিনটা সোনায় সোহাগা হতো। কিন্তু রূপকথার চিত্রনাট্য তো সব সময় হয় না, মেসিও তাই গোল পাননি। তবে আর্জেন্টিনা ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই।
তিন ম্যাচে ৭ পয়েন্ট, আর্জেন্টিনার জালে বল ঢুকেছে মাত্র দুবার। কোচ জেরার্ডো মার্টিনোর খুশি হওয়ার অনেক কারণই আছে। কিন্তু আর্জেন্টিনা কোচকে এখন উল্টো সামলাতে হচ্ছে সমালোচনার তোপ। লা লিগা, ইংলিশ লিগ ও ইতালিয়ান সিরি ‘আ’ কাঁপানো ফরোয়ার্ডরা যে দলে আছেন, তাঁরাই তিন ম্যাচে সাকল্যে পেয়েছেন ৪ গোল। পরশু গঞ্জালো হিগুয়েইনের ১১ মিনিটের গোলের পর মনে হয়েছিল, বিশ্বের ভয়ংকরতম আক্রমণভাগ জ্যামাইকার সামনে কঠিন সময়ই উপহার দিতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোলই পেল না আর্জেন্টিনা। উল্টো ফিফা র্যাঙ্কিংয়ের ৬৫ নম্বরে থাকা জ্যামাইকাই শেষে খানিকটা চেপে ধরেছিল তিন নম্বর দলকে।
সুযোগ অনেকই পেয়েছিল আর্জেন্টিনা, প্রথমার্ধেই অন্তত ২ গোলে এগিয়ে যেতে পারত। ২২ মিনিটে হিগুয়েইনের শট অল্পের ওপর দিয়ে চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। হিগুয়েইনের গোলটা যাঁর বানিয়ে দেওয়া, সেই ডি মারিয়া নিজেই একাধিকবার গোল পেতে পারতেন। একবার আর্জেন্টাইন উইঙ্গারের শট দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক, আরেকবার ফিরে এসেছে পোস্টে লেগে।
কিন্তু যাঁর গোলের জন্য সবার তৃষিত অপেক্ষা, সেই মেসিই সেভাবে গোলের সুযোগ পাননি। দ্বিতীয়ার্ধে শুধু একটা চিপ থেকে গোল পেয়ে যেতে পারতেন, কিন্তু ঠেকিয়ে দিয়েছেন জ্যামাইকান গোলরক্ষক ডোয়াইন মিলার। আর শেষ ৩০ মিনিটে আর্জেন্টিনা তো খেই-ই হারিয়ে ফেলেছিল, সেভাবে আক্রমণই করতে পারেনি।
মার্টিনো স্বীকার করে নিলেন, দলের খেলায় ধার একটু কমই আছে, ‘আমাদের কার্যকারিতার একটু অভাব আছে। প্যারাগুয়ের সঙ্গেই শুধু এটা ছিল, কিন্তু এই সামর্থ্য নিয়ে এত বেশি সুযোগ নষ্ট করাটা কোনো কাজের কথা নয়। শেষ দিকে আমরা একট হাঁপিয়ে পড়েছিলাম, শারীরিকভাবেও ভুগতে হয়েছে।’
গত এক সপ্তাহে তিনটি ম্যাচ খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। অবসাদকেও দায়ী করেছেন মার্টিনো। আর্জেন্টিনার শেষ আটে সম্ভাব্য প্রতিপক্ষ ইকুয়েডর অথবা ‘সি’ গ্রুপের তৃতীয় দল, হতে পারে সেটি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। সেটা হয়েছে কি না, এর মধ্যেই হয়তো জেনে গেছেন! তার আগে ১-১ গোলে ড্র করে পরের পর্বে উঠে গেছে গ্রুপের অন্য দুটি দল প্যারাগুয়ে ও উরুগুয়ে। এএফপি, গোলডটকম।