মেসি সরলেন, এখন মার্টিনোও - কী হচ্ছে আর্জেন্টাইন ফুটবলে?

কোপা আমেরিকার ফাইনালে হারের পর সবাইকে চমকে দিয়ে জাতীয় দল থেকে অবসর নিয়ে নেন লিওনেল মেসি। সেই ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টাইন ফুটবল। মেসি কি আসলেই অবসর নিচ্ছেন, নাকি এ সাময়িক অভিমান, এ নিয়েও চলছে জল্পনা-কল্পনা। এর মধ্যেই নতুন আরেক আঘাত, সরে গেলেন জাতীয় দলে মেসিদের কোচ জেরার্ডো মার্টিনোও।
এক সপ্তাহের মধ্যেই অধিনায়ক ও কোচ—জাতীয় দলের দুই কান্ডারির এভাবে সরে যাওয়ার পর এখন প্রশ্ন উঠে গেছে, আসলেই কি সব ঠিকঠাক চলছে আর্জেন্টিনার ফুটবলে? বিভিন্ন সংবাদমাধ্যমের বিশ্লেষণে এখন পর্যন্ত যা উঠে আসছে, তাতে আকাশি-সাদাদের ফুটবলের আকাশে ঘন মেঘই দেখা যাচ্ছে।
গত সোমবারই আর্জেন্টিনার অলিম্পিক দলের অনুশীলন শুরু করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই মার্টিনোর হঠাৎ এভাবে পদত্যাগের কারণ জানিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিবৃতিতে লিখেছে, ‘ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের অনিশ্চয়তার কারণে, এবং অলিম্পিকের জন্য জাতীয় দল ঘোষণায় গভীর সমস্যার কারণে, পুরো কোচিং দলই একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।’
ঝামেলাটা হলো, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এখন নেতৃত্ব সংকটে ভুগছে। কোপার ফাইনালের দিন দুয়েক আগেই সম্প্রচার সত্ব্ব নিয়ে দুর্নীতির অভিযোগে ফেডারেশনের সভাপতি লুইস সেগুরাকে সরিয়ে দেয় ফিফা। তাঁর বদলে এএফএ’র দেখভালের দায়িত্ব এখন ফিফার বিশেষ কমিটির হাতে। এএফএ’র সর্বশেষ নির্বাচনেও গরমিলের অভিযোগ। সব মিলিয়ে গুঞ্জন, দুইবারের বিশ্বকাপজয়ী দেশটি ফিফা থেকে নিষিদ্ধও হতে পারে।
এর আগে কোপার ফাইনালের আগের দিন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে দল যথেষ্ট সাহায্য পাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন মেসি। এ নিয়ে বিস্তারিত ম্যাচের পর বলবেন বলে জানিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। কিন্তু ম্যাচের পরপরই অবসরের ঘোষণা দিয়ে দেওয়ায় এ নিয়ে আর সংবাদমাধ্যমের সঙ্গে কথা হয়নি মেসির।
সব মিলিয়ে নেতৃত্বের এই সংকটের প্রভাব পড়েছে আর্জেন্টিনার ফুটবলের প্রতিদিনের কার্যক্রমেও। ফেডারেশনই পড়েছে ভীষণ অর্থ সংকটে। সংবাদমাধ্যমের তথ্য, মার্টিনো নিজেই সর্বশেষ ৬-৭ মাস ধরে বেতন পাচ্ছেন না। ঠিকমতো টাকা পাননি খেলোয়াড়েরাও। অর্থের অভাবে কতটা ভুগছে এএফএ, সেটি বুঝে নিতে পারেন অনূর্ধ্ব-২০ দলের কোচ হুলিও ওলারতিকোচেয়ার কথা থেকে। ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য রেডিও কন্টিনেন্টালকে বলেছেন, ‘অনুশীলনে ছেলেদের খাবারের ব্যবস্থাও করতে পারছে না এএফএ। স্প্যাগেত্তি (নুডলস) কেনার মতো টাকাও নেই।’
এর বাইরে মাঠের ফুটবলেও চলছে টানাটানি। আরও বেশি সম্প্রচারসত্ত্বের আশায় বড় বড় ক্লাবগুলো এরই মধ্যে পরিকল্পনা করছে নিজেদের মধ্যে ‘সুপারলিগা’ প্রতিষ্ঠার। দেশটির সবচেয়ে বড় দুই ক্লাব রিভার প্লেট ও বোকা জুনিয়র্স তো অলিম্পিকের দলের জন্য তাঁদের খেলোয়াড়দেরও ছাড়েনি। এর বাইরে ইন্টার মিলান থেকে মাউরো ইকার্দি বা জুভেন্টাস থেকে পাউলো দিবালাকে ছাড়িয়ে আনতে পারেনি এএফএ। অবস্থা এমন দাঁড়িয়েছে, আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকে আর্জেন্টিনা দল পাঠাতে পারবে কি না এ নিয়েও তৈরি হয়েছে সংশয়। দেশটির অলিম্পিক কমিটির সভাপতি জেরার্ডো ওয়ারদিয়েনও মঙ্গলবার এক রেডিওতে নাকি বলেছিলেন, আর্জেন্টিনা অলিম্পিকে অংশ নেবে তার সম্ভাবনা ‘৫০ শতাংশ’! যদিও তিনি এখন ক্লাবগুলোর সঙ্গে কথা বলে একটা দল গড়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।
মার্টিনোর পদত্যাগের একটা কারণও এই অলিম্পিকের দল গঠন নিয়ে ঝামেলা। মার্টিনোর বদলি হিসেবে জাতীয় দলের কোচ হিসেবে এখন ডিয়েগো সিমিওনে, মরিসিও পচেত্তিনো, হোসে পেকারম্যানদের নাম উঠে আসছে। তবে অ্যাসোসিয়েশনের এই অব্যবস্থাপনার মধ্যে তাঁদের কেউই সেই দায়িত্ব নেবেন কি না, সে নিয়ে আছে ঘোরতর সন্দেহ। আপাতত, অলিম্পিকের জন্য দায়িত্ব দেওয়া হতে পারে অনূর্ধ্ব-২০ দলের কোচ ওলারতিকোচেয়ার হাতেই।
আপাতত অধিনায়ক বিহীন, কোচ বিহীন, ফেডারেশন সভাপতি বিহীন ঘোরতর এক সংকটের সময়ই পার করছে আর্জেন্টিনার ফুটবল। তথ্যসূত্র: রয়টার্স, ইএসপিএন, গোলডটকম, ইন্ডিয়া টুডে।