মেসি সর্বকালের সেরা, মেনে নিল সেভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির শ্রেষ্ঠত্ব মানছে সেভিয়াও। ছবি: রয়টার্স।
মেসির শ্রেষ্ঠত্ব মানছে সেভিয়াও। ছবি: রয়টার্স।

২০০৬ সালে উয়েফা সুপার কাপে বার্সাকে ৩-০ গোলে হারানোর নায়ক ছিলেন তিনি। ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন দানি আলভেস। ব্রাজিল ডিফেন্ডার পুরোনো ক্লাবের প্রতি ভালোবাসার টান ভুলে কিনা লেগে পড়লেন হাতাহাতিতে!

একমাত্র ম্যাচের খেলা উয়েফা সুপার কাপের এই লড়াইয়ে শেষ কবে এতটা উত্তেজনা ছড়িয়েছে, মনে করা মুশকিল। রেফারির পকেট থেকে বেরোল নয়-নয়টি হলুদ কার্ড। গোটা দুই লাল কার্ড বেরোলেও অবাক হওয়ার কিছু থাকত না। মুহূর্তেই বাঁক বদলের নাটকে ঠাসা উত্তেজনা খেলোয়াড়দের রক্তে নাচন লাগাবেই।

অবশ্য ম্যাচ শেষ হতেই সব ‘শত্রু’তার অবসান। গলাগলি, কোলাকুলি। জাভির জার্সি নম্বর ৬ পরা আলভেস ম্যাচ শেষে ‘জাভি’র ভূমিকা নিলেন। বার্সার সাবেক অধিনায়ক জয় উদযাপনের চেয়ে যে পরাজিতদের বুকে আগলে সান্ত্বনা দেওয়াকেই বেশি জরুরি মনে করতেন। আলভেসও জড়িয়ে ধরলেন সেভিয়ার কয়েকজনকে।

ওদিকে মেসি আর বানেগা খোশগল্প করছেন। ম্যাচের প্রথম তিন গোল এই দুজনের পায়ে। তিনটিই দুর্দান্ত ফ্রি কিক থেকে। মেসি হয়তো খোঁচা মেরে বলছিলেন, ‘কোপা আমেরিকার ফাইনালে এই তিন গোলের একটাও যদি করতে পারতাম রে!’

‘ক্লাবের চেয়ে বেশি কিছু’র স্লোগানে বিশ্বাসী বার্সা এর পরই নিজেদের সবচেয়ে বড় উদারতার পরিচয় দিল। সেভিয়ার খেলোয়াড়েরা যখন এগিয়ে যাচ্ছেন রানার্স আপের মেডেল নিতে, বার্সার খেলোয়াড়েরা দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়ে দিলেন গার্ড অব অনার। তবে কাল রাতে সবচেয়ে বড় গার্ড অব অনার পেলেন মেসি। মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড়ের ঘোষণা দিয়ে দিলেন সেভিয়া উইঙ্গার ভিতোলো।

১৫ মিনিটের মধ্যে দুটো ফ্রি কিক থেকে গোল করেছেন। একটা ফ্রি কিক ক্রসবারের কোনায় চুমু খেয়ে বেরিয়ে গেছে। আরও একটা ফ্রি কিকই পেদ্রোর ফল নির্ধারক গোলের উৎস। এদিন যেন ফ্রি কিকের জাদুর নেশায় পেয়ে বসেছিল মেসিকে।

একাই এভাবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার সামর্থ্য সব খেলোয়াড়ের থাকে না। এমন খেলোয়াড় ক্ষণজন্মা। বিরলপ্রজ। মেসিকে সর্বকালের সেরা হিসেবে মেনে নিতে তাই কোনো কুণ্ঠা নেই ভিতোলোর।

বার্সেলোনা যে কাল দুর্দান্ত খেলেছে—এমন নয়। রক্ষণ ছিল যাচ্ছেতাই। মাঝমাঠও ছায়া হয়ে ছিল নিজেদের। নেইমারকে পাওয়া যায়নি অসুস্থতার কারণে। এক গোল করলেও সুয়ারেজ ছিলেন অনুজ্জ্বল। তবুও বার্সা ৫ গোল করেছে! কেন? বার্সার যে একজন জাদুকর আছে। কাল ম্যাচ শেষে সেটাই বললেন ভিতোলো, ‘মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়। আজ তো ও ছিল অবিশ্বাস্য।’ গতকাল অবিশ্বাস্য খেলেছে সেভিয়াও। ৪-১ গোলে পিছিয়ে থাকার পরও ম্যাচে এভাবে ফিরে আসা! এক ম্যাচে চার গোল টের স্টেজেন শেষ কবে খেয়েছেন! সবাই মিলে একসঙ্গে আক্রমণ আর রক্ষণ সামলেছে সেভিয়া। একটা সময় তো মনে হচ্ছিল, মাঠে ওদের ১১ জন খেলোয়াড়ই খেলছে তো!

নিজেদের বাহবা দিতেও তাই ভুললেন না ভিতোলো, ‘আমরা দশে ১০ নম্বর পাওয়ার মতোই খেলেছি। প্রচুর দৌড়েছি। বার্সার মতো ক্লাবের বিপক্ষে ৪-১ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচে ফিরে আসা চাট্টিখানি কথা নয়।’