মেসি-সুয়ারেজের গোলে বার্সার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির এই গোলেই সমতা ফিরিয়েছে বার্সেলোনা, উদ্‌যাপনে সঙ্গী নেইমার। কাল ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সা জিতেছে  ২-১ গোলে। শুরুতে অ্যাটলেটিকোর হয়ে গোল করেছিলেন কোকে, পরে বার্সার হয়ে ম্যাচ জেতানো গোল​টা সুয়ারেজের l রয়টার্স
মেসির এই গোলেই সমতা ফিরিয়েছে বার্সেলোনা, উদ্‌যাপনে সঙ্গী নেইমার। কাল ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সা জিতেছে ২-১ গোলে। শুরুতে অ্যাটলেটিকোর হয়ে গোল করেছিলেন কোকে, পরে বার্সার হয়ে ম্যাচ জেতানো গোল​টা সুয়ারেজের l রয়টার্স

লিগের শীর্ষ দুই দলের ম্যাচ। উত্তেজনার পারদ স্বাভাবিকভাবেই চড়ে ছিল কিছুটা। বার্সেলোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদও হতাশ করেনি। দুর্দান্ত পাসিং, আক্রমণ-পাল্টা আক্রমণ, গতিময় ফুটবল, গোল-পাল্টা গোল, হলুদ কার্ড, লাল কার্ড—সবই ছিল। উত্তেজনাপূর্ণ ম্যাচটি ২-১ গোলে জিতে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল বার্সেলোনা। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে লুইস এনরিকের দল। এক ম্যাচ বেশি খেলে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো।
ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। ডান প্রান্ত থেকে আসা কোনাকুনি পাস পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো কোকে। এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করেননি স্প্যানিশ মিডফিল্ডার। তাঁর নেওয়া জোরালো শট ঠেকানোর উপায় ছিল না বার্সা গোলরক্ষক ক্লাদিও ব্রাভোর। ঠিক ২০ মিনিট পর জবাবটা দেন লিওনেল মেসি। নেইমার বাঁয়ে পাস দিয়েছিলেন জর্ডি আলবাকে। আলবার কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত শটে সমতা ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এতেই সন্তুষ্ট থাকেনি বার্সেলোনা। ৩৮ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে দানি আলভেজের বাড়ানো বলে শট নিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন সুয়ারেজ।
প্রথমার্ধের শেষ দিকে মেসিকে জঘন্য এক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন অ্যাটলেটিকো ডিফেন্ডার ফেলিপে লুইস। ৬৫ মিনিটে সুয়ারেজকে স্লাইডিং ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিয়েগো গডিনও। এরপর ম্যাচে আর ফিরতে পারেনি অ্যাটলেটিকো। সনি ইএসপিএন।