ঘরের মাঠে ম্যাচ। সেটিও পয়েন্ট তালিকায় নয় ধাপ নিচে থাকা মালাগার বিপক্ষে। বার্সেলোনার বড় জয়ই দেখছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত নয়জনের দল হয়ে পড়া মালাগার সঙ্গেও পরশু লুইস এনরিকের দল করল গোলশূন্য ড্র!
সাদাচোখে এর কারণ, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের না-থাকা। নিষেধাজ্ঞায় সুয়ারেজের এমনিতেই খেলার উপায় ছিল না, ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়ায় বার্সা পায়নি মেসিকেও। এতেই কি আক্রমণে এমন ভোঁতা হয়ে পড়া?
জেরার্ড পিকে অবশ্য সেটি মানছেন না। বিখ্যাত ‘ত্রিরত্নের’ দুজন না থাকলেও সেটিকে অজুহাত মানতে নারাজ বার্সেলোনা ডিফেন্ডার, ‘আমাদের অনেক দামি দামি খেলোয়াড় আছে। বেতনের বিলটাও মালাগার চেয়ে অনেক বড়। আমরা বার্সা। এবং কয়েকজন খেলোয়াড় না-থাকাটা আমাদের জন্য কখনো অজুহাত হতে পারে না।’
পরশু ম্যাচে জিতলে লিগের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা রাখতে পারত দুইয়ে। কিন্তু পারল না বার্সা, ব্যবধানটা এখন ৪ পয়েন্ট। ঘরের মাঠে ছয় ম্যাচে এ নিয়ে ৭ পয়েন্ট হারাল বার্সেলোনা। এ নিয়েও অখুশি পিকে, ‘ঘরের মাঠে যেভাবে পয়েন্ট হারাচ্ছি, সেটা উদ্বেগের। কাগজে-কলমে হারাতে পারি এমন দলের সঙ্গে ড্র কেউ চায়নি।’ রয়টার্স।