মেসি-সুয়ারেজ নেই, বার্সাও পারল না জিততে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশই হতে হলো এনরিকেকে। ছবি: এএফপি।
হতাশই হতে হলো এনরিকেকে। ছবি: এএফপি।

মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখে পাওয়া নিষেধাজ্ঞার কারণে লুইস সুয়ারেজ খেলতে পারবেন না, সেটি তো আগে থেকেই জানা ছিল। ম্যাচের আগে বার্সেলোনা খেল আরও বড় ধাক্কা। জানা গেল, লিওনেল মেসিও খেলতে পারছেন না। শরীর অসুস্থ আর্জেন্টাইন ফরোয়ার্ডের, বমিও করছিলেন। বিখ্যাত ত্রয়ীর দুজনই নেই, আন্দ্রেস ইনিয়েস্তাকে তো আগেই চোট কেড়ে নিয়েছে। একা নেইমারের কাঁধেই তাই দায়িত্বটা পড়ল বার্সাকে জেতানোর।
কিন্তু দলের অন্যতম প্রধান তিন তারকাকে ছাড়া পারল না বার্সা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শেষ পর্যন্ত নয়জনের দল হয়ে পড়া মালাগার সঙ্গেও সন্তুষ্ট থাকতে হলো গোলশূন্য ড্র করে।
ম্যাচটা বার্সা কেন জিতল না, সেটি একটা বড় প্রশ্ন হতে পারে। শুরু থেকেই নিজেদের অর্ধে গুটিয়ে যাওয়া মালাগার ওপর সাঁড়াশি আক্রমণ চালিয়েছেন নেইমাররা। কিন্তু দুর্ভাগ্য বলুন, বা ফিনিশিংয়ে নিজেদের ব্যর্থতা—গোল আর পাওয়া হলো না লুইস এনরিকের দলের। দুবার গোল বাতিল হলো অফসাইডের খাঁড়ায়। ম্যাচের ৩ মিনিটেই প্রথমবার ভাগ্যবঞ্চিত হলেন এখনো বার্সেলোনার জার্সিতে গোলের খোঁজে থাকা পাকো আলকাসার। ম্যাচের শেষ দিকে, ৮৪ মিনিটে জেরার্ড পিকের গোলও বাতিল হলো অফসাইডের খাঁড়ায়।
দুবার বল লাগল পোস্টে। দুবার বার্সার পেনাল্টি আবেদনেও সাড়া দিলেন না রেফারি। কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই কিছু হলো না। কখনো নিজেদের ব্যর্থতায়, কখনো মালাগা রক্ষণের দৃঢ়তায় লুইস এনরিকের দলকে ফিরতে হলো হতাশ হয়ে।
হতাশ হবেন নেইমারও। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলেছেন। দুই সঙ্গী মেসি-সুয়ারেজ না থাকার অভাবটাও পুষিয়ে দিতে চেষ্টা করেছেন। ড্রিবল করে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন, কখনো ক্রস ফেলেছেন বক্সে, তো কখনো ওয়ান-টু খেলে থ্রু...কিন্তু কিছুতেই হুয়ান্দে রামোসের দৃঢ়প্রত্যয়ী দলটির গোলমুখ খুলতে পারলেন না নেইমার।

৬৯ মিনিটে মালাগা দশজনের দল হয়ে পড়ার পর তো খেলাটা হয়ে গেল পুরো ‘বার্সার আক্রমণ বনাম মালাগার রক্ষণ’। তাতে জয় মালাগার রক্ষণেরই। এমনকি শেষ মুহূর্তে আরও একজন লাল কার্ড দেখলেও রক্ষণটা ভাঙতে দেননি মালাগার খেলোয়াড়েরা।
এই ড্রয়ের মূল্য বার্সাকে চুকাতে হতে পারে পয়েন্ট তালিকায়ও পিছিয়ে পড়ে। রাতে দুই প্রধান শিরোপা প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে। এই ম্যাচে জিতলে অন্তত কিছুটা স্বস্তিতে থাকতে পারত এনরিকের দল। তা আর হলো না। সনি সিক্স।