মেসি-সুয়ারেজ বন্ধুতা

কতটা কী করতে পারবেন, সেটা নিয়ে শুরুতে সংশয় ছিল। বার্সেলোনার হয়ে প্রথম ১১ ম্যাচে মাত্র ৩ গোল, সুয়ারেজকে প্রায় ৯ কোটি ইউরোয় কেনা যৌক্তিক হয়েছে কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছিল। এ মুহূর্তে অবশ্য সে প্রশ্ন উবে গেছে। গত ছয় ম্যাচে ৬ গোল করেছেন, এই বছর হয়ে গেছে ১৫ গোল। সুয়ারেজের এই বদলে যাওয়ার একটা ব্যাখ্যা দিয়েছে মার্কা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার দাবি, মেসির সঙ্গে দুর্দান্ত রসায়ন এর একটি কারণ। সেই রসায়ন মাঠে অনূদিত হতে সবাই দেখছেন। তবে মার্কা বলছে, মাঠের বাইরেও দুজনের বন্ধুতা দারুণ। দুজনই দক্ষিণ আমেরিকা থেকে এসেছেন, ভাষাগত নৈকট্য একটা বড় ব্যাপার। দুজনই বিশেষ একধরনের ভেষজ চা পছন্দ করেন। সেভিয়ার সঙ্গে খেলার আগে বিমানে সেই চা নিজের সঙ্গে নিতে ভুলে গিয়েছিলেন সুয়ারেজ। মেসিই তখন তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। অনুশীলন শেষে প্রায়ই দুজনকে একসঙ্গে দেখা যায়, সতীর্থদের সন্তানদের জন্মদিনেও তাঁরা একসঙ্গেই থাকেন। মেসি-সুয়ারেজের এই বন্ধুতা অটুট থাকুক, বার্সা কোচ লুইস এনরিকে সেটাই তো চাইবেন! মার্কা।