মেসি সেই আগের মেসিই আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার সেই অপ্রতিরোধ্য মেসি। রয়টার্স।
আবার সেই অপ্রতিরোধ্য মেসি। রয়টার্স।

‘মেসি যদি চায় যে সে ডিফেন্ডার হবে, তবে সে বিশ্বের সেরা ডিফেন্ডার হতে পারত।’ উক্তিটা বার্সেলোনা কোচ লুইস এনরিকের। কিন্তু কেন? মেসি কেন ডিফেন্ডার হতে যাবেন? কেনই বা এনরিকের মুখ থেকে বের হলো এমন মন্তব্য!
ব্যাপার আর কিছুই নয়। লা লিগায় এলচের বিপক্ষে বার্সার প্রথম ম্যাচে নতুন রূপেই দেখা মিলল লিওনেল মেসির। এই ম্যাচে তিনি কেবল দুটি গোলই পাননি, প্রতিপক্ষের পা থেকে বারবার বল কেড়ে নিয়ে নিজেকে চিনিয়েছেন নতুন চেহারায়। এ যেন এক অন্য মেসি। এমনভাবে তো মেসিকে খেলতে দেখা যায়নি অনেক দিন! মেসিকে এতটা ক্ষুধার্তও লাগেনি অনেক দিন ধরে।
গত মৌসুমটা মেসির একেবারেই ভালো যায়নি। ক্লাবের হয়ে ৪১টা গোল করেছেন বটে, কিন্তু সেই ক্ষুধাটা ছিল না। এমনও রটে গিয়েছিল, মেসি নাকি সুখী নন। খেলার মধ্যে গাছাড়া একটা ভাব। এক ম্যাচে তো হিসাব কষে বের করে দেখানো হলো, মেসির চেয়ে বেশি দৌড়েছেন বার্সার গোলরক্ষক হোসে পিন্টো!
গত বিশ্বকাপে সমালোচকদের পাল্টা জবাব দিতে দিতেও দেওয়া হয়নি। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেও বিশ্বকাপ জেতা হয়নি মেসির। গ্রুপ পর্বে জ্বলে উঠলেও নকআউট পর্বে আবার সেই ছায়া হয়ে থাকা। তবে সবকিছু পেছনে ফেলে নতুন মৌসুমে আবারও নতুন মেসিকেই দেখা গেল কাল।
ম্যাচে পুরো মাঠজুড়েই থাকলেন তিনি। নিজে বল নিয়ে দৌড়ালেন, অন্যের পা থেকে বল কাড়লেন। স্বভাবের বিরুদ্ধাচরণ করে গোটা-কতক ফাউলও করলেন। পুরো মৌসুমে তিনি যা ফাউল করেন, এক এলচের বিপক্ষেই সেই হিসাবটা যেন ছাড়িয়ে যেতে চাইলেন। দলের জন্য মেসি যে কতটা নিজেকে উজাড় করে দিচ্ছেন, সেটা প্রতিমুহূর্তে স্পষ্ট হয়ে উঠল।
দুটি গোল তো ছিল এক কথায় অনবদ্য। একটি গোলে তো দর্শকদের ফিরিয়ে নিয়ে গেলেন নিজের সোনালি সময়টায়। এলচের ডি-বক্সে রক্ষণসেনাদের ভিড়ের মধ্যে থ্রু থেকে বল পেয়ে তিনি এমন একটি গোল করলেন। দ্বিতীয় গোলটাও ‘মেসির মতো’ই।
সব মিলিয়ে প্রথম ম্যাচেই মেসি যেন বার্সা সমর্থকদের আশ্বাস দিয়ে দিলেন, ‘গত মৌসুমে একটিও ট্রফি পাইনি। দুঃখ করো না। এবার সব হবে, আমি আছি না। দাঁড়াও না কেমন খেলাটা খেলি।’
মেসির কালকের খেলায় সে ধরনের একটি জেদই যেন প্রকাশ পেয়ে গেছে। পারলেও তিনি একাই দলকে সবকিছু পাইয়ে দেন। গত মৌসুমে পারিশ্রমিকের বাজারে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে পিছিয়ে পড়ার খেদটা মেটানো শুরু করলেন নাকি! গত মৌসুমেই তো মেসির মিয়ানো পারফরম্যান্স এ ধরনের গুজবের ডাল-পালা ছড়িয়েছিল। পারিশ্রমিকের কারণেই নাকি মেসি ঠিক তাঁর মধ্যে নেই। পরে বার্সা তাঁর বেতন বাড়িয়েও দিয়েছে। কিন্তু সেটার প্রতিদান যেন এই মৌসুম থেকে দিতে শুরু করলেন তিনি।
বার্সা কোচ এনরিকেও কি মেসির জন্য অনেকটা আশীর্বাদ হয়ে এলেন? জেরার্ডো মার্টিনো মেসির স্বদেশি হলেও তাঁর অধীনে কোথায় যেন ছিল একটু তাল-কাটা সুর। কোচিং দর্শনেও মেসিকে মার্টিনো ঠিকমতো ব্যবহার করতে পারেননি। অনেকেই বলছিলেন এনরিকের মধ্যে আছে পেপ গার্দিওলার ছায়া। মেসির সেরাটা বের করে নিয়ে আসার দাওয়াই। লা লিগার প্রথম ম্যাচেই সেটা খুব ভালোভাবেই টের পাওয়া গেল। মেসির সামর্থ্যকে উপজীব্য করেই যে এনরিকে কৌশল সাজিয়েছেন, সেটাও সবাই দেখলেন আনন্দ নিয়েই।
বার্সা সমর্থকেরা নড়ে-চড়ে বসতেই পারেন। সামনে অপেক্ষা করছে আরও অনেক কিছুই। সূত্র: রয়টার্স।