মেসি সেই আগের মেসিই আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির পা থেকে এল আরও এক হ্যাটট্রিক ছবি: এএফপি
মেসির পা থেকে এল আরও এক হ্যাটট্রিক ছবি: এএফপি

এই মৌসুমে মেসি খারাপ খেলছেন—এমন কথা কারা ছড়াচ্ছে? এখন পর্যন্ত মৌসুমে যতগুলো খেলা হয়েছে, মেসি নিজেকে তাঁর নির্দিষ্ট মানের একবিন্দুও নিচে নামতে দেননি। তিনি জাজ্বল্যমান তাঁর আপন মহিমায়। কাল দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের পর এমন মন্তব্যই করেছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভোর বিপক্ষে বার্সেলোনা পেয়েছে ৪-০ গোলের এক দারুণ জয়। জয়টা লিগের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে কাতালানদের ব্যবধানটাও কমিয়ে নিয়ে এসেছে মাত্র এক পয়েন্টে। 

বেশ কিছু দিন ধরেই মেসি হালকাভাবে বোঝাতে চাইছেন যে বার্সেলোনায় তিনি খুশি নন, জানান দিচ্ছিলেন, কোচ লুইস এনরিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যের। এ নিয়ে আন্তর্জাতিক মিডিয়াও জল ঘোলা করে চলেছে নিরন্তর। এনরিকে কিংবা মেসি অবশ্য এ ব্যাপারে খুব একটা উচ্চকণ্ঠ নন। বাইরে নানা বিষয় নিয়ে সবাই উচ্চকিত থাকলেও তাঁরা দুজন মুখে কুলুপ এঁটেই রয়েছেন।

দলের সঙ্গে মেসির নিজের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন আছে। এই মৌসুমে তিনি ধারাবাহিক নন—এমন কথাও বেশ অনেকবারই আলোচিত হয়েছে। মেসির সঙ্গে নিজের বিরোধ নেই—এমন একটা বিষয় প্রমাণ করতে যেন অপেক্ষাতেই ছিলেন এনরিকে। দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচে মহাতারকাকে ‘স্বরূপে’ পেয়ে উজাড় করে দিলেন প্রশংসার ঝাঁপি, ‘মৌসুমের পুরো সময়জুড়েই মেসি নিজের মান বজায় রেখে চলেছে। নিজের মান সে এক মুহূর্তের জন্য নিচে নামায়নি।’
দেপোর্তিভোর বিপক্ষে জয়ের তৃপ্তির যথেষ্ট জায়গাই খুঁজে নিচ্ছেন এনরিকে। পরপর দুটি ‘অ্যাওয়ে’ ম্যাচে জয়হীন বার্সার জন্য দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচটিতে বাড়তি পাওয়া মেসির দুর্দান্ত পারফরম্যান্স।

ম্যাচের দশম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ইভান রাকিতিচের লম্বা করে বাড়িয়ে দেওয়া বলে অফসাইডের ফাঁদ ভেঙে হেড করে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।
৩৩ মিনিটে মেসি পেয়ে যান তাঁর দ্বিতীয় গোল। অবশ্য এই গোলটি পেতে পারতেন লুইস সুয়ারেজ। নেইমারের বাড়ানো বল উরুগুইয়ান স্ট্রাইকারের পায়ে লেগে মেসির কাছে এলে প্রতিপক্ষের গোলে বল পাঠাতে একেবারেই ভুল করেননি মেসি। ৬২ মিনিটে নিজের ‘ট্রেডমার্ক’ বাঁ পায়ের বাঁকানো শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। রাকিতিচের কর্নার থেকে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি দৌড়ে বাঁ পায়ের বাঁকানো শটের গোলটি ছিল দৃষ্টিনন্দন।

বার্সার চতুর্থ গোলটি অবশ্য আসে ‘আত্মঘাত’ থেকে। দেপোর্তিভোর সিনদেইকে এ জন্য ধন্যবাদ পেতেই পারে বার্সার সমর্থকদের কাছ থকে। সূত্র: এএফপি।