মেসি সেরা স্ট্রাইকার নন?

ব্যাপারটা অবাক করার মতোই। ২০১৩-১৪ মৌসুমে লা লিগার ‘সেরা স্ট্রাইকার’ পুরস্কারের জন্য নাম নেই লিওনেল মেসির। অথচ, এই পুরস্কার প্রাপ্তির সম্ভাব্য তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ডিয়েগো কস্তা এমনকি সোসিয়েদাদের স্ট্রাইকার ভেয়াও। লা লিগা কর্তৃপক্ষের এই কাণ্ড ইতিমধ্যেই ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে বার্সেলোনা সমর্থকদের মধ্যে।
রোনালদো ও কস্তার মনোনয়ন নিয়ে কোনো প্রশ্ন নেই। গত মৌসুমে দারুণ খেলেই রিয়াল ও অ্যাটলেটিকোর দুই স্ট্রাইকার (কস্তা এই মৌসুমে ইংলিশ ক্লাব চেলসিতে) এই তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন। কিন্তু বার্সা সমর্থকেরা নিজেদের বঞ্চিত মনে করছেন মেসির নাম মনোনয়নের তালিকায় না থাকায়। গত মৌসুমে লা লিগার সেরা স্ট্রাইকারের পুরস্কারটি জিতেছিলেন এই মেসিই।
গত মৌসুমে চোটের কারণে মেসির নিষ্প্রভ ফর্ম এই মনোনয়নে ভূমিকা রেখেছে বলেই জানিয়েছেন লা লিগা কর্তৃপক্ষ। তবে লা লিগা কর্তৃপক্ষের এই বক্তব্য গ্রহণ করছে না বার্সা সমর্থকেরা। তাঁদের দাবি, সোসিয়েদাদের মেক্সিকান স্ট্রাইকার ভেয়া যদি এই মনোনায়ন পেয়ে থাকেন তাহলে মেসির মনোনয়ন পেতে সমস্যা কোথায়?
পরিসংখ্যান বলছে, গত মৌসুমে ৩৭ ম্যাচে ১৬ গোল করেছিলেন ভেয়া। কিন্তু মেসির পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে ৩১ ম্যাচে ২৮ গোল করে তিনি বিপুল ব্যবধানেই পেছনে ফেলেছেন ভেয়াকে। আগের মৌসুমে তাঁর গোলের সংখ্যা ছিল ৪৬টি। তবে কি গত মৌসুমে বার্সার বাজে পারফরম্যান্সই মেসির মনোনয়নে বাধার প্রতিবন্ধকতা সৃষ্টি করল? ব্যাপারটা কিন্তু বিরাট একটা প্রশ্ন রেখেই যাচ্ছে।
মেসিকে ঠিক ‘ক্ল্যাসিকাল’ স্ট্রাইকারের দলে ফেলতে চান না অনেকেই। তাঁকে একজন ‘গোলস্কোরিং মিডফিল্ডার’ হিসেবেই ধরে নিতেই পছন্দ করেন তাঁরা। মধ্যমাঠের একজন খেলোয়াড় হিসেবে তাঁর গোল করার দক্ষতা যেকোনো বিচারেই তাঁকে এই পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করে। এই মনোনয়নে ভেয়া থাকবেন আর মেসি থাকবেন না, এটা বার্সেলোনা সমর্থকেরা মেনে নেবেন কীভাবে! সূত্র: বার্সেলোনা ওয়েবসাইট।