মেসি হওয়া বড় যন্ত্রণার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি হওয়ার দুঃখ বোঝেন মাসচেরানো। ফাইল ছবি
মেসি হওয়ার দুঃখ বোঝেন মাসচেরানো। ফাইল ছবি

লিওনেল মেসি। বিশ্বের এক নম্বর ফুটবল তারকা। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। কত জন​প্রিয়তা! সব ফুটবলারই হয়তো স্বপ্ন দেখে মেসির মতো হওয়ার। না, ভুল। মেসির সবচেয়ে কাছেরই একজন ‘মেসি’ হতে চান না। ‘মেসি’ হওয়াটা যে বড় যন্ত্রণার।
হাভিয়ের মাসচেরানো। তাঁর কাছ থেকেই জাতীয় দলের নেতৃত্বভার নিয়েছেন মেসি। বার্সেলোনাতেও দুজনে খেলেন একসঙ্গে। কাছ থেকে মেসিকে দেখার অভিজ্ঞতা থেকেই লড়াকু মাসচেরানো বলছেন, ‘আমি মেসি হলে টিকতেই পারতাম না। আমি আসলে মেসি হতামই না। ওর জায়গায় যেতে হলে আপনাকে স্পেশাল একজন হতে হবে।’
না, সেই ‘স্পেশাল’ হওয়াটা প্রতিভা বা ফুটবলীয় চমৎ​কারিত্বে নয়। অন্য অর্থে বলেছেন মাসচেরানো। মেসিকে প্রতি দিন যে পরিমাণ সমালোচনার তির বুক পেতে নিতে হয়, সেটি সহ্য করার ক্ষমতা সবার নেই। মাঝমাঠের এই সৈনিক বলেছেন, ‘নিজেদের নিয়ে বলার চেয়ে অন্যের দোষত্রুটি খুঁজে বের করা সহজ। তার পরও কিন্তু লিও পালিয়ে না গিয়ে বারবার জাতীয় দলের হয়ে খেলছে। এটা অবশ্যই আপনাকে বিবেচনায় নিতে হবে। ও এমন পরিস্থিতিতেও জাতীয় দলের পাশে ছিল, যে সময় ওর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার কথা ছিল।’
মেসিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম আরেক দফা ধুয়ে দিয়েছে কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ার পর। টানা দুই বছর বড় দুটো টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে না-পারার শোক বুভুক্ষু আর্জেন্টিনা সামলাতে পারেনি। যদিও মাসচেরানো বলছেন, ‘এ নিয়ে কান্নাকাটি করে লাভ নেই। হ্যাঁ, আমাদের কারণটা খুঁজে বার করতে হবে যেন একই ভুল আবার না ঘটে। অনেক দিন ধরে আর্জেন্টিনা কিছু জেতেনি বলে কিছু জেতার তাগিদটা আমরাও অনুভব করি। এ কারণে ফাইনালে হেরে যাওয়ার কষ্ট আরও বেশি। তবে এই বাস্তবতা মেনে নিয়েই আমাদের এমন কিছু করতে হবে যেন ফাইনালে হেরে যাওয়াটা অভ্যাসে পরিণত না হয়।’