মেসি হতে চায় সম্পদ

জন্মের আগেই বাবাকে হারিয়েছে। মায়ের স্মৃতিও ধূসর। সম্পদ হোসেনের ছোট্ট জীবনে আনন্দের উপলক্ষ শুধুই ফুটবল। ওর ছোট্ট পৃথিবীটা আনন্দে ভরিয়ে রেখেছে এই খেলাটিই। সারাক্ষণ খেলা আর খেলা। নারায়ণগঞ্জ শহীদনগর চুনকা স্টেডিয়ামের মাঠে দিনভর বল নিয়ে চলে সম্পদের ছোটাছুটি।
রাশিয়ায় আগামী ২৬ জুন থেকে ৩ জুলাই হবে অনূর্ধ্ব-১২ কনফেডারেশনস কাপ ফুটবল ফেস্টিভ্যাল। এই টুর্নামেন্টে অংশ নেওয়ার উদ্দেশ্যে গত পরশু বাফুফের অ্যাস্ট্রো টার্ফে প্রায় ২০০ ফুটবলারের সঙ্গে ট্রায়াল দিয়েছিল ১১ বছর বয়সী সম্পদ। প্রাথমিকভাবে বাছাই তালিকা করার পর সেরা তিনজনের মধ্যে ছিল সম্পদের নাম। যদিও শেষ পর্যন্ত সম্পদের যাওয়া হচ্ছে না। নারায়ণগঞ্জেরই আরেক খুদে ফুটবলার গোলাম রাব্বী যাচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে। কিন্তু সেরা তিনজনের একজন হতে পেরেই খুব খুশি সম্পদ।
দুরারোগ্য ব্যাধি ক্যানসারে ভুগে সম্পদের বাবা মারা যান ওর জন্মের আগেই। সম্পদের জন্মের পর নানা-নানি অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন ওর মাকে। সেই থেকে অসহায় সম্পদের আশ্রয় তার মামা-মামি। ছোট্ট সম্পদ এখন মামা-মামিকেই বাবা ও মা বলে ডাকে। স্থানীয় বঙ্গবন্ধু হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে সম্পদ। প্রথমবার ফুটবল ফেডারেশনের ট্রায়ালে এসেই বিদেশি কোচদের নজরে পড়েছে। রাশিয়া যাওয়ার স্বপ্ন পূরণ না হলেও একদমই ভেঙে পড়ছে না, ‘এবার বাদ পড়েছি, কিন্তু পরেরবার নিশ্চয়ই সুযোগ পাব।’
সম্পদের মামা মোকসেদ আলম খোকন নারায়ণগঞ্জ শহরে সবজির ব্যবসা করেন। টুকটাক ফুটবলও খেলেন। সম্পদকে ফুটবলার বানানোর ইচ্ছাটা মূলত খোকনেরই। সম্পদকে বুট, জার্সি কিনে দিয়েছেন। রাত জেগে মামার সঙ্গে টেলিভিশনে ফুটবল খেলা দেখে সম্পদ। কার খেলা সবচেয়ে ভালো লাগে তোমার? প্রশ্নটা করতেই হেসে বলল, ‘আমার প্রিয় খেলোয়াড় মেসি। বড় হলে মেসির মতো হতে চাই।’ সম্পদ সেরা তিনে টিকেছে শুনে ভীষণ খুশি মামি হোসনে আরা, ‘ছেলে যখন ভালো কিছু করে, তখন মায়ের কতটা আনন্দ হয়, সেটা বলে বোঝানো যাবে না।’
সম্পদের মতোই সেরা তিনে জায়গা করে নিয়েছিল ঢাকার অস্ট্রেলিয়ান স্কুলের ছাত্র ড্যানিয়েল করিম আনসারী। ওর বয়সী অন্যরা যখন ক্রিকেটার হওয়ার স্বপ্নে বুঁদ, ড্যানিয়েল সেখানে উজ্জ্বল ব্যতিক্রম। বাবা মমতাজুল করিম আনসারী স্বপ্ন দেখেন, ছেলে বড় ফুটবলার হবে। বাবার সঙ্গে টেলিভিশনে ফুটবল দেখতে দেখতেই খেলাটির প্রেমে পড়েছে ড্যানিয়েল। রাজধানীতে বিভিন্ন আন্তস্কুল টুর্নামেন্টে সেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছে এরই মধ্যে। রাশিয়ায় ফুটবল ফেস্টিভ্যালে যাওয়ার ক্ষেত্রে মাঠের খেলার বাইরে ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতাও বিবেচ্য ছিল। এখানে এগিয়ে থাকায় ড্যানিয়েলের মা সুমাইয়া আনসারী আশায় ছিলেন, তাঁর ছেলেকেই হয়তো বেছে নেওয়া হবে। শেষ পর্যন্ত তা না হওয়ায় একটু হতাশার সুর সুমাইয়ার কণ্ঠে, ‘আমি ভেবেছিলাম ওকেই বেছে নেবে ফেডারেশন। কিন্তু সেটা তো হলো না। তবে আমরা হাল ছাড়ছি না। ভবিষ্যতে হয়তো আরও সুযোগ আসবে।’
সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এমন প্রতিভা নিশ্চয়ই আরও অনেক আছে। রাব্বী, ড্যানিয়েল আর সম্পদের মতো কিশোরদের জন্য তাই আরও বেশি উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করতে পারে বাফুফে। তাহলেই হয়তো এমন প্রতিভার দেখা মেলবে আরও। আর তাতে জেগে উঠতে পারে বাংলাদেশের বিবর্ণ ফুটবলও।