মেসি 'দৃষ্টিনন্দন', রোনালদো 'যন্ত্র'

লিওনেল মেসির খেলায় শিল্পের ছোঁয়া। আর ক্রিস্টিয়ানো রোনালদো খেলেন রক অ্যান্ড রোল ধাঁচের। পুরোনো কথাই আবার নতুন করে বললেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড হাভিয়ের স্যাভিওলা। ক্যারিয়ারের শুরুর দিকে নতুন ম্যারাডোনা পরিচিতি পাওয়া স্যাভিওলার কাছে মেসি দৃষ্টিনন্দন, আর রোনালদো যেন যন্ত্র!
কে সেরা, মেসি না রোনালদো? অনেক বছর ধরে এই তর্কে বিভক্ত ফুটবল রোমান্টিকেরা। মেসি যখন বার্সেলোনার যুব একাডেমিতে ফুল হয়ে ফুটছেন, স্যাভিওলা তখন কাতালান ক্লাবটির তারকা। বার্সেলোনায় এক সঙ্গে খেলা হয়নি এই দুই আর্জেন্টাইনের। তবে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেছেন পাশাপাশি।
স্বদেশি হিসেবে মেসির প্রতি একটা পক্ষপাত থাকতেই পারে ৩৪ বছর বয়সী স্যাভিওলার। তবে মেসিকে এগিয়ে রাখার পেছনে যুক্তিও তুলে ধরেছেন ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে সোনা জেতা এই তারকা, ‘মেসির খেলার ধরনটা আমি পছন্দ করি। পছন্দের খেলোয়াড় বাছতে হলে আমি তাকেই বেছে নেব। এটা স্বাদের বিষয়, আমি মেসিকে বেশি পছন্দ করি। তবে সন্দেহ নেই যে ক্রিস্টিয়ানোও দারুণ খেলোয়াড়।’
সবশেষ আট বছর ব্যালন ডি’অর ভাগাভাগি করে নিয়েছেন সময়ের সেরা দুই ফুটবলার মেসি আর রোনালদো। যেখানে মেসি পাঁচবারের জয়ী আর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার জিতেছেন তিনবার। এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও এগিয়ে এই দুই তুমুল প্রতিদ্বন্দ্বী। এ বছর রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ আর পর্তুগালের হয়ে ইউরো জিতে ফেবারিট অবশ্য রোনালদোই।
স্যাভিওলা অবশ্য এই সব অর্জন আর প্রাপ্তির দিকটা দূরেই সরিয়ে রেখেছেন। দুজনের তুলনা করতে গিয়ে তিনি বিবেচনায় এনেছেন শুধু খেলার ধরনের বিষয়টি ‘ক্রিস্টিয়ানো রোনালদো একটা যন্ত্র, শারীরিকভাবে শক্তিশালী। মেসি বেশি নৈপুণ্য ভাস্বর আর তার খেলা বেশি দৃষ্টিনন্দন।’
ক্লাব ফুটবলে মেসির অর্জনের ডালিটা কানায় কানায় পূর্ণ। তবে জাতীয় দলের হয়ে এখনো তাঁর অর্জন তেমন কিছুই নয়। এ কারণে অনেকে আবার সর্বকালের সেরাদের মধ্যে তাকে রাখতে উষ্মা দেখান। কিন্তু স্যাভিওলার চোখে মেসি সব সময়ই উঁচুতে, ‘কোনো সন্দেহ নেই যে মেসি ইতিহাসের সেরাদের মধ্যে আছে।...শুধু খেলোয়াড় হিসেবেই নয়, সে ব্যক্তি হিসেবেও সেরা। তার সঙ্গে সব সময়ই ভালো সম্পর্ক আমার। সে খুব বিনয়ী মানুষ আর তার সঙ্গে কথা বলাটা সত্যি দারুণ আনন্দের।’ ফোর ফোর টু।