মেসিই করলেন শততম গোলটি

পেনাল্টি মিস করে লিওনেল মেসি বিশ্বকাপে শুরুটা করেছেন বিবর্ণ। দ্বিতীয় ম্যাচে নড়াচড়াই করেননি আর্জেন্টিনা ফুটবলের রাজপুত্র। অনেকে তো তাঁকে ‘খাম্বা’র সঙ্গেই তুলনা করে দিয়েছিলেন। কিন্তু তিনি মেসি। কীভাবে জবাব দিতে হয়, কীভাবে ফিরে আসতে হয় তাঁর ভালো করেই জানা। আর রাজপুত্রদের ফিরে আসাটা হয় রাজসিক, নিয়ে আসে উপলক্ষ। তা না হলে কী হয়! মেসি ফিরে এসেছেন এমন এক ম্যাচে, যেই ম্যাচে শুধু মেসি–ভক্তরাই নয়, তীর্থের কাকের মতো তাকিয়ে ছিল গ্রহের কোটি ফুটবল–ভক্তের চোখ। রেকর্ডে রেকর্ডে ভরপুর মেসির ক্যারিয়ার। রাশিয়া বিশ্বকাপে তাঁর ফিরে আসাটাও হয়েছে রেকর্ডের মধ্য দিয়ে। ২০১৮ বিশ্বকাপের শততম গোলটি যে এসেছে ফুটবল জাদুকরের পা থেকেই।
এর আগে ২০১৪ বিশ্বকাপের শততম গোলটি এসেছিল ব্রাজিল ফুটবলের সেনসেশন নেইমারের কাছ থেকে। আর ২০১০ ফুটবল বিশ্বকাপের শততম গোলটি করেছিলেন স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা ইনিয়েস্তা। ২০১৮ বিশ্বকাপে এ পর্যন্ত ১০৫টি গোল হয়েছে।