মেসিই বার্সা-যুগের প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেনা দৃশ্য। গোলের পর সুয়ারেজ-মেসি-নেইমারের উদ্যাপন। কাল লাস পালমাসের মাঠে ষষ্ঠ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকারের গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচ জিতেছে ২-১ গোলে l রয়টার্স
চেনা দৃশ্য। গোলের পর সুয়ারেজ-মেসি-নেইমারের উদ্যাপন। কাল লাস পালমাসের মাঠে ষষ্ঠ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকারের গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচ জিতেছে ২-১ গোলে l রয়টার্স

পেপ গার্দিওলা এসেই সাফল্য পেয়েছেন দুহাত ভরে। লুইস এনরিকেও তাই। কিন্তু আজ থেকে ২০ বছর পর ফিরে তাকালে এই সময়টাকে ইতিহাসের পাতায় কার নামে লেখা থাকবে? এনরিকে বা গার্দিওলা নন, সেটা লিওনেল মেসির নামেই হবে বলে মনে করছেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হোর্হে ভালদানো।
ফুটবল ইতিহাসে অনেক দলই পরিচিতি পেয়ে যায় কোচের নামে। ম্যানচেস্টার ইউনাইটেডের সোনালি সময় যতটা না বেকহাম-গিগসদের, তার চেয়েও অনেক বেশি স্যার অ্যালেক্স ফার্গুসনের। সেই হিসেবে বার্সার গত এক দশকের আধিপত্যে কার নামটা সবার আগে থাকবে? ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ভালদানো সময়টাকে লিখে দিচ্ছেন মেসির নামেই, ‘এই যুগটা শুধু মেসির। মাদ্রিদে যেমন ছিল ডি স্টেফানোর যুগ। অথচ তিনি এসেছিলেন ২৭ বছর বয়সে, আর মেসিও এখন ওই বয়সীই।’|
২৭ বছর বয়সে যোগ দিয়েই ডি স্টেফানো নিজেকে করে তোলেন কিংবদন্তি। মাদ্রিদের হয়ে ৫টি ইউরোপিয়ান কাপ জেতেন, লা লিগা জেতেন ৮ বার। আর এই বয়সেই এরই মধ্যে মেসির চ্যাম্পিয়নস লিগ জেতা হয়ে গেছে ৪ বার, লা লিগা ৭ বার।
লা লিগায় মেসিকে সর্বকালের সেরা হিসেবে মানছেন অনেকেই। কিন্তু আর্জেন্টিনার হয়ে কজন মানবেন? ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা নিয়ে কম কথা তো হয়নি। ভালদানো এটিকে দেখেন একটু অন্য দৃষ্টিকোণ থেকে, ‘মেসির সঙ্গে ম্যারাডোনার একটা ঐতিহাসিক তুলনা চলবেই। ম্যারাডোনার ব্যাপারটা অনেক বেশি আবেগময়, কারণ সে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে ফকল্যান্ড যুদ্ধের একরকম প্রতিশোধ নিয়েছিল। ওটাই তাকে নিয়ে যায় সর্ব শীর্ষে।’

কিন্তু বার্সার মেসির পুরোপুরি আর্জেন্টাইন হতে না পারারও ব্যাখ্যা আছে ভালদানোর কাছে, ‘মেসি বার্সেলোনায় যেভাবে খেলে, সেটা অন্য কোথাও করে দেখানো সহজ নয়। বার্সা ওকে ব্যবহার করতে জানে, পুরো দলটা মেসির কাছ থেকে সেরাটা বের করে আনতে জানে। আর অন্য কোনো জায়গায় খাপ খাওয়াতে যে কারোরই সমস্যা হবে, মেসিরও। আর্জেন্টিনায় যেমন অনেকেই ওর খেলাটা ঠিক বুঝতে পারে না। সে জন্য জাতীয় দলের হয়ে সে সেভাবে আলো ছড়াতেও পারছে না। রিয়ালে যোগ দেওয়ার পর জিদানেরও একই সমস্যা হয়েছিল।’
ভালদানো না হয় বুঝলেন, কিন্তু আর্জেন্টিনাকে আলোয় রাঙাতে না-পারা মেসির জন্যও তো সান্ত্বনা হতে পারবে না! ইয়াহু স্পোর্টস।