মেসিই শুধু ব্যতিক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলগত খেলায় কোনো খেলোয়াড় কি দলের চেয়ে বড় হতে পারেন? ‘ফুটবলের রাজা’ পেলে কি তাঁর ব্রাজিলের চেয়েও বড় ছিলেন? কিংবা আর্জেন্টিনার চেয়েও বেশি কিছু ছিলেন ডিয়েগো ম্যারাডোনা? বিতর্ক হতেই পারে। তবে প্রশ্নটা যদি লিওনেল মেসিকে নিয়ে করা হয়, উত্তরটা তৈরি আছে হাভিয়ের মাচেরানোর কাছে। হ্যাঁ, মেসিকে তিনি বার্সেলোনার চেয়ে বড় কিছু বলেই মনে করেন!
গত কয়েক বছরে বার্সেলোনা ছেড়ে গেছেন কার্লোস পুয়োল, জাভি, দানি আলভেজ, এরিক আবিদালের মতো অনেকে। তাতে অবশ্য বার্সেলোনার সাফল্যে খুব একটা ছেদ পড়েনি। আর এই সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা অবশ্যই লিওনেল মেসির। ২০০৫ সাল থেকে ক্লাবের হয়ে ২৮টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাঁকে নিয়ে জাতীয় দল ও ক্লাব সতীর্থ মাচেরানোর মুগ্ধতাও সম্ভবত সে কারণেই। বার্সেলোনার অফিশিয়াল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘দল সব সময়ই এর যেকোনো কোচ ও খেলোয়াড়ের চেয়ে বড়, শুধু লিওর ক্ষেত্রেই এটা ব্যতিক্রম। এটাই বাস্তবতা এবং আপনাকে এটা মানতে হবে।’ ইএসপিএন