গায়ে বার্সেলোনার জার্সি। নিরুত্তর। শুধুই ছবি হয়ে আছেন লিওনেল মেসি। কোথায়? বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ম্যাচের বিজ্ঞাপনে! সেটিও রাজশাহীর স্থানীয় দুটি পত্রিকার পাতায়। আয়োজকেরা মাঠে দর্শক আনার কৌশলটা তাহলে ভালোই জানেন!
এ কৌশল না নিলেই বা কী হতো! মানুষ তো এমনিতেই ঢাকার বাইরে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ লুফে নিচ্ছে। হাজার হাজার ফুটবলপিপাসু সব বাধা পেরিয়ে বর্ণিল করে তুলছে ফুটবল মাঠ। গ্যালারি ছাপিয়ে দর্শক উপচে পড়ছে মাঠের মধ্যেও। সিলেট-যশোরের পর আগামীকালের মঞ্চ রাজশাহী।
কিন্তু সিল্ক ও আমের জন্য বিখ্যাত শিক্ষানগর রাজশাহীতে স্থানীয় ফুটবল মৃতপ্রায়। তিন বছর ধরে হিমাগারে লিগ। এ নিয়ে দুঃখের শেষ নেই এখানকার সাবেক ফুটবলারদের। জাতীয় দলের সাবেক গোলরক্ষক সাইদুর এঁদেরই একজন। বন্ধ লিগ চালু হোক, এটা তাঁর প্রার্থনা।
সে পথে এক ধাপ যাত্রা হতে পারে এ ম্যাচটি। সিলেট-যশোরের মতো রাজশাহীতেও এটি প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। তাই এর আবেদনও বড়। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে কিশোর-তরুণদের আগ্রহ একটা আশাও যেন তৈরি করছে আয়োজকদের মনে।
কাল সন্ধ্যায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের কাউন্টারে দেখা গেল অনেক কিশোর-তরুণের ভিড়। টিকিট বিক্রি চলছিল ভালোই। স্টেডিয়ামের ধারণক্ষমতা ২১-২২ হাজার। টিকিট বিক্রি হবে ২৫ হাজারের মতো। গতকাল পর্যন্ত অবিক্রীত ছিল সাত হাজার টিকিট, যা আজ শেষ হবে বলেই ধারণা।
কিন্তু শহরে ফুটবল-উন্মাদনা পরিষ্কার বোঝা যাচ্ছে না। যেমনটা সিলেট-যশোরে পা দিয়েই বোঝা গিয়েছিল একটা মহাযজ্ঞের নিমন্ত্রণ ছড়িয়ে পড়ছে চারদিকে। কাল বিকেলে রাজশাহী স্টেডিয়াম এলাকায় একটু প্রচারণা চোখ কাড়ল। শহরের অন্য জায়গায় ফুটবল ম্যাচের প্রচারণা নেই। বরং মহানগর আওয়ামী লীগের গতকালের সম্মেলন নিয়ে অসংখ্য তোরণে সয়লাব গোটা শহর।
ফুটবলের প্রচারণা কোথায়! কথাটা তুলতেই স্থানীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস শামস (প্যাডি) এমনভাবে বললেন যেন এটা কোনো ব্যাপারই নয়, ‘কী যে বলেন ভাই। রাজশাহীতে প্রচারণা লাগে না নাকি! এমনিই দর্শক আসে। ৯টি উপজেলায় তো এক হাজার করে টিকিট আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখবেন যশোরের চেয়েও কয়েক গুণ লোক বেশি হবে।’
যশোরের চেয়ে কয়েক গুণ বেশি হওয়া মানে তো শঙ্কার ব্যাপার। সবকিছু ঠিকঠাক সামলানো যাবে তো? দর্শকের জোয়ারে সিলেট-যশোরে দুর্ঘটনা না ঘটলেও রাজশাহী যে মুক্ত থাকবে, এই নিশ্চয়তা যে নেই। সে দিকে নজর রাখছেন বলে দাবি স্থানীয় আয়োজকদের।
কিন্তু মাঠ মোটামুটি ভালো হলেও একটা জায়গায় তাঁদের একটু অসহায়ই দেখাচ্ছে। এমন একটি ম্যাচ অথচ খেলোয়াড়দের জন্য কোনো ড্রেসিংরুম নেই! স্টেডিয়ামের ভিআইপি বক্সের সংস্কারকাজ চলছে, এ কারণেই যত বিপত্তি। এখন কোনো ড্রেসিংরুমই নেই। নতুন করে হবে। আপাতত এই ম্যাচটা পার করা হবে ভিন্ন দুটি কক্ষকে অস্থায়ী ড্রেসিংরুম হিসেবে ব্যবহার করে। কোন দুটি, সেটিও ঠিক হয়নি গতকাল পর্যন্ত!
ঢাকার বাইরের আয়োজনে এমন সমস্যা থাকা খুবই স্বাভাবিক। এসব ধর্তব্যে না আনাই ভালো।
আহা, মেসি যদি জানতেন তিনিও আছেন এই আয়োজনে!