মেসিও উদ্বিগ্ন চোট নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এদগার্দো বাউজা ভাবতেই পারেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরই মেসিকে এত চোটে পড়তে হলো!’

গত আগস্টে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিয়ে বাউজা শুধু উরুগুয়ের বিপক্ষে তাঁর ‘অভিষেক’ ম্যাচেই পেয়েছেন মেসিকে। এরপর থেকেই দলের অধিনায়ককে চোটের সঙ্গে যুঝতে দেখছেন আর্জেন্টিনা কোচ। পাচ্ছেন না পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচ দুটিতেও। তবে দুর্ভাগ্য মেনে নিয়ে উল্টো এখন মেসিকেই হয়তো সান্ত্বনা দিতে হবে তাঁকে। বার্সেলোনা ফরোয়ার্ড নিজেই যে চোট নিয়ে দুশ্চিন্তায়।

টিওয়াইসি স্পোর্টসকে বাউজা নিজেই বলেছেন, ‘মেসি নিজেও ওর চোট নিয়ে চিন্তিত। ও খুব করে খেলতে চেয়েছিল ম্যাচগুলোতে, ওর দলের বাইরে থাকাটা আমাদের জন্যও কঠিন।’

চোটগ্রস্ত মেসিকে তাঁর ক্লাব বার্সেলোনা বেশি বেশি খেলাচ্ছে, এমন মন্তব্য করে কিছুদিন আগে শোরগোল ফেলে দিয়েছিলেন। এবার তেমন কিছু বলেননি, তবে দলের সেরা রত্নটির আরও ভালো যত্ন নেওয়ার আহ্বানই জানালেন ৫৮ বছর বয়সী কোচ, ‘আমরা আসলে ওকে (এই দুই ম্যাচের জন্য) দলে ডাকার ব্যাপারটি নিয়ে ভাবিইনি। আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে। বার্সেলোনার মেডিক্যাল টিমও খুব ভালো করেই জানে ওদের কী করতে হবে। ওর নিজেরও নিজের দিকে খেয়াল রাখা উচিত।’ গোলডটকম।