মেসিকে আগুয়েরোর প্রলোভন

আর্জেন্টিনা-সতীর্থ দুজন, বন্ধুও। আর্জেন্টিনার হয়ে খেলার সময় দুজন অনেকবারই এক কক্ষে থেকেছেন। এখন দুজন দুই দেশের দুই ক্লাবে খেলেন, লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোর সঙ্গে দেখাও হয় কালেভদ্রে। আগুয়েরো এখন চাইছেন, সেটি আরও নিয়মিত হোক। লিওনেল মেসিকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে আসতে চাইছেন আগুয়েরো।
মেসির সিটিতে যাওয়ার গুঞ্জন এটাই প্রথম নয়। সিটি বার্সেলোনাকে রেকর্ড অর্থের প্রস্তাব করেছে, এমন খবরও এসেছিল। শেষ পর্যন্ত মেসি বার্সাতেই থেকে গেছেন। কয়েক দিন আগেই ব্যালন ডি’অরে আবার উঠল ফিসফাস। ভবিষ্যতে কী হবে বলতে পারছেন না বলে মেসি আবারও সেই জল্পনার পালে হাওয়া দিলেন।

এবার আগুয়েরো একটু অন্যভাবে ‘প্রলুব্ধ’ করার চেষ্টা করলেন আর্জেন্টাইন সতীর্থকে। বার্সেলোনাতে যে রকম সৈকত আছে, ম্যানচেস্টারে সে রকম নেই। আবহাওয়াও স্পেনের মতো রোদেলা নয়। আগুয়েরো এসব বড় করে দেখছেন না, ‘হ্যাঁ, এখানে কোনো সৈকত নেই। মেসি নিজেও সেটা জানে। তিন দিন পর পরই সাধারণত আমাদের খেলতে হয়। আমরা এর মধ্যে শুধু খাই আর ঘুমাই। আর আবহাওয়াটাও এমন গুরুত্বপূর্ণ কিছু নয়। ম্যানচেস্টার আদর্শ একটা জায়গা, কারণ এখানে আপনি সারা দিনই বাসায় থাকবেন। আমরা তো চাইলে একসঙ্গে খেতে, ঘুমাতে, ফুটবল খেলতে পারি।’
কিন্তু বন্ধুর কথায় কি মেসি সাড়া দেবেন? ইএসপিএন।