মেসিকে ইতিহাসের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে লিওনেল মেসি
অনুশীলনে লিওনেল মেসি

পরপর দুই বছরের দুটি ভিন্ন ছবি। চ্যাম্পিয়ন ট্রফিটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন লিওনেল মেসি। ২০১৪ সালে বিশ্বকাপ, ২০১৫ সালে কোপা আমেরিকা। শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হয়ে ফিরতে হলো আর্জেন্টাইন অধিনায়ককে। দেশের হয়ে কোনো বড় শিরোপা না জেতার যে আক্ষেপ ক্যারিয়ারজুড়ে তাড়া করে বেড়াচ্ছে, খুব কাছে গিয়েও সেটি ঘোচানো হলো না। এবার ঘুচবে?
শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে কাল সকালে চিলির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। এটি তো শুধু একটি ট্রফি জয়ের উপলক্ষই নয়, মেসির জন্য ইতিহাস গড়ার সুযোগও। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কী ভাবছেন মেসি? ইস্ট রাদারফোর্ডে সংবাদ সম্মেলনে অবশ্য ইচ্ছেটা গোপন করলেন না আর্জেন্টিনা অধিনায়ক, ‘আমি ইতিহাস বদলাতে চাই, জাতীয় দলের হয়ে শিরোপা জিততে চাই। পুরো টুর্নামেন্টেই আমরা দারুণ খেলেছি।’
শিরোপার পথে চিলি তো প্রত্যক্ষ বাধা, পরোক্ষে থাকা বাধাটা সীমাহীন চাপ। ম্যাচটি আর্জেন্টিনা বনাম চিলি ঠিকই, তবে বাংলাদেশ সময় কাল সকালে মেটলাইফ স্টেডিয়ামে সবটুকু আলো থাকবে মেসিকে ঘিরেই। পাঁচবারের ফিফা-ব্যালন ডি’অরজয়ী—সময়ের সেরা খেলোয়াড়ই বলতে হয়। তবে এই পরিচয় পেছনে ফেলে তাঁর তুলনা করা হয় এখন ইতিহাসের সেরাদের সঙ্গেও। কিন্তু পেলে-ম্যারাডোনাদের মতো কিংবদন্তিদের সেই ছোট্ট ব্র্যাকেটে ঢুকতে এই একটাই শূন্যতা আছে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে—দেশের হয়ে শিরোপা! আরেকবার সেটি জয়ের এত কাছে এসে একটু চাপ অনুভব মেসি করতেই পারেন।
দুই দিন আগে অবশ্য বিমান ছাড়তে দেরি হওয়ায় ইনস্টাগ্রামে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিলেন। মনে করুন তো, ঠিক কবে মেসিকে এমন অন্যের সমালোচনা করতে দেখেছেন? ঠিক চাপের কারণেই এমন অপ্রত্যাশিত করেছেন, সেটি নিশ্চিত করে বলার তো উপায় নেই। তবে অনেকের ধারণা, এটিই মূল কারণ। নিন্দুকেরা তো এমনও বলছে, হেরে গতবারের মতো দেশবাসীর তোপের মুখে পড়তে চান না বলেই বিমান-বিভ্রাটের ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন মেসি। আর্জেন্টাইন তারকা অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন ঘটনার জন্য, ‘আমি ওই মুহূর্তে ভুল একটা কাজ করেছি। ফাইনালের আগে আমাদের উচিত ফাইনাল নিয়েই ভাবা।’
ফাইনাল ভাবনায় আগের দুটি টুর্নামেন্টের ব্যর্থতা কি একটু প্রভাব ফেলছে? এমনিতে এবারের টুর্নামেন্টে মেসিকে দেখা যাচ্ছে অন্য রূপে। শুধু শ্মশ্রুমণ্ডিত মুখের জন্যই নয়, মাঠে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দেখে মনে হয়েছে, সব চাপ ভুলে উপভোগের আনন্দেই খেলছেন। হার-জিতের ভয় যেন নেই। ফাইনালের আগেও একই সুর তাঁর কণ্ঠে, ‘পর পর তিন ফাইনালে হেরে যাওয়া আসলে ব্যর্থতা না, বরং বড় হতাশা। তবে এবার আমরা খুব বেশি চাপ নিচ্ছি না। আশা করি, আমরা এবার জিততে পারব।’
না পারলে সব শেষ হয়ে যাবে না। কিন্তু মূল্যটা বোধ হয় বেশি হয়ে যাবে। ইএসপিএন।
মুখোমুখি
ম্যাচ আর্জেন্টিনা জয়ী চিলি জয়ী ড্র
৮৭ ৫৮ ৬ ২৩
যেভাবে ফাইনালে দুই দল
আর্জেন্টিনা চিলি
২: ১ চিলি গ্রুপ পর্ব ১: ২ আর্জেন্টিনা
৫: ০ পানামা ২: ১ বলিভিয়া
৩: ০ বলিভিয়া ৪: ২ পানামা
৪: ১ ভেনেজুয়েলা কোয়ার্টার ফাইনাল ৭: ০ মেক্সিকো
৪: ০ যুক্তরাষ্ট্র সেমিফাইনাল ২: ০ কলম্বিয়া