মেসিকে কিনে ‘আর্থিক সংগতি নীতি’ ভেঙেছে পিএসজি?
লিওনেল মেসি এখন পিএসজির। ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি ক্লাবে সই করেছেন আর্জেন্টাইন তারকা। একটি বিতর্কও উঠেছে এ নিয়ে—উয়েফার আর্থিক সংগতি নীতির (ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে) আদৌ কোনো কার্যকারিতা আছে? ক্লাবগুলোর অত্যধিক ব্যয় নিয়ন্ত্রণ করতে এ নিয়ম চালু করেছিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। করোনাভাইরাস মহামারির কারণে গত বছর এ নিয়ম কিছুটা শিথিল করা হয়।
ক্লাবের আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে ২০০৯ সালে আর্থিক সংগতি নীতি চালু করে উয়েফা। ক্লাবগুলো যেন তাদের আয়ের বেশি ব্যয় করতে না পারে, দলবদলের বাজারে যেন ভারসাম্য থাকে এবং ক্লাবগুলোকে লাভের পথে আনতেই এ নিয়ম। পিএসজি ও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এর আগে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল। আপিলে জিতে যাওয়ায় বড় ধরনের শাস্তি পায়নি ক্লাব দুটি। করোনা মহামারিতে এ নিয়ম কিছুটা শিথিল করায় সিটি ও পিএসজিকে তাদের খরচ নিয়ে শুরু হওয়া নতুন তদন্তের ব্যাপারে আর দুশ্চিন্তা করতে হবে না।
মেসিকে গত বুধবার নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার সংবাদ সম্মেলনেই পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি বলেছেন, ‘আমরা আর্থিক সংগতি নীতির নিয়ম জানি এবং সেই নিয়ম মেনেই চলে থাকি। কিছু করার আগে আমরা নিজেদের বাণিজ্যিক, আর্থিক ও আইন বিভাগের সঙ্গে কথা বলি। মেসিকে সই করানোর মতো সামর্থ্য আমাদের আছে। আমরা তা পারি বলেই মেসিকে সই করিয়েছি। তা না হলে সই করানো হতো না।’ ২০১৯-২০ মৌসুমে পিএসজির রাজস্ব ছিল ৫৪১ মিলিয়ন ইউরো। এর মধ্যে পারিশ্রমিকে তারা খরচ করেছে ৪০৫ মিলিয়ন ইউরো।
জর্জিনিও ভাইনালডম, সের্হিও রামোস ও জিয়ানলুইজি দোন্নারুমাকে ফ্রিতে সই করানোর পর গত বছর পিএসজির পারিশ্রমিক বাবদ খরচ আরও বেড়েছে। এ ছাড়া ইন্টার মিলান থেকে ৬০ মিলিয়ন ইউরো খরচায় আশরাফ হাকিমিকে এনেছে ফরাসি ক্লাবটি। মেসি এ তালিকায় সর্বশেষ সংযোজন। বেতন-ভাতা মিলিয়ে বছরে ৩ কোটি ৫০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন তিনি। এদিকে করোনাভাইরাস মহামারির কারণে পিএসজির আয় অনেক কমেছে, ফরাসি লিগের টিভিস্বত্ব চুক্তি থেকে প্রাপ্ত অর্থের অঙ্কও পড়তির দিকে। যদিও এখন পিএসজির আয়-ব্যয় সমান করার কোনো বাধ্যবাধকতা নেই।
উয়েফার আর্থিক স্থিতিশীলতা ও গবেষণা বিভাগের পরিচালক আন্দ্রেয়া ত্রাভেরসো জানান, ক্লাবগুলোর এই আয়-ব্যয় সমান করার নিয়ম তুলে নেওয়া হতে পারে। মহামারির এই সময়ে নিয়মটি ‘লক্ষ্যহীন’ বলে মনে করেন তিনি। ত্রাভেরসোর মতে, ক্লাবগুলোর অতীত কর্মকাণ্ডের জন্য শাস্তি না দিয়ে ভবিষ্যতে তাকিয়ে নিয়ম করা উচিত। তবে ‘ব্রেক ইভেন’ (আয়-ব্যয় সমান) নিয়ম শিথিল করায় পিএসজি মেসিকে সই করাতে পেরেছে কি না, এ নিয়ে উয়েফার কোনো মন্তব্য পায়নি সংবাদ সংস্থা রয়টার্স।
উয়েফা আরও একটি নিয়ম পাল্টেছে। ক্লাবের লোকসান পুষিয়ে নিতে নিজেদের ব্যক্তিগত টাকা ঢালতে পারবেন ক্লাবের মালিকেরা। পেট্রো ডলার–সমৃদ্ধ ক্লাব ম্যানচেস্টার সিটি ও পিএসজি এতে লাভবান হলেও বার্সার কোনো লাভ হয়নি। লা লিগার আর্থিক সংগতি নীতির মধ্যে থাকতে না পারায় মেসিকে ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। তাদের আয়ের ওপর নির্ভর করে বেতনের সীমারেখা টেনে দিয়েছিল লা লিগা।
২০১৯-২০ মৌসুমে বার্সার বাজেট ছিল ৬৭১ মিলিয়ন ইউরো। মহামারির কারণে গত মৌসুমে তা কমে ৩৪৭ মিলিয়ন ইউরোয় নেমে আসে। সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী মৌসুমে বার্সার বেতনের সীমারেখা টানা হয়েছে সর্বোচ্চ ২০০ মিলিয়ন ইউরো। এর মধ্যে থেকে মেসিকে ধরে রাখা তাদের জন্য অসম্ভব। এদিকে লাভবান হয়েছে পিএসজি। মোট রাজস্বের ৭০ শতাংশ পারিশ্রমিকে খরচ করতে পারবে—এই নিয়ম ফরাসি ফুটবল ফেডারেশন স্থগিত করায় মেসিকে কেনার পথ খুলে যায় ফরাসি ক্লাবটির।