মেসিকে কী বলছিলেন গার্দিওলা?

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, পেপ গার্দিওলার সঙ্গে সেই ২০১২ সালের পর কোনো যোগাযোগ নেই তাঁর। কিন্তু গার্দিওলার হৃদয়ে মেসি যে ঠিক আগের মতোই আছেন, সেটা প্রমাণিত হয়ে গেল কাল। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর সবাই যখন সাজঘরের দিকে ফিরছিল, গার্দিওলা তখন মেসির সঙ্গে কথা বলার সুযোগটা নিয়েই নিলেন। মাঠ থেকে হেঁটে আসা মেসির দৃষ্টি আকর্ষণ করলেন সাবেক বার্সা কোচ। মেসিও নিজের সাবেক গুরুর দিকে তাকিয়ে স্মিথ হাসলেন। তিন বছর পর গুরু-শিষ্যের দেখাটা হয়ে গেল দারুণভাবেই।
সাবেক গুরুর মুখোমুখি হয়ে মেসি যে খুব আবেগী হয়ে উঠলেন, তা কিন্তু নয়। বরং, আবেগের লাগামটা হাতের মুঠোতেই রাখলেন। গার্দিওলার কাছাকাছি গেলেন ঠিকই, কিন্তু মাথা নিচু করেই রইলেন। পেশাদার মেসির আচরণটা হল যথেষ্ট সংযত। সাবেক গুরু হতে পারেন গার্দিওলা, কিন্তু কালকের লড়াইয়ে তো ছিলেন প্রতিপক্ষের নেপথ্য নায়ক। জড়িয়ে-টরিয়ে ধরে মেসি আবেগ প্রকাশ করতে যাবেন কেন?
মেসির সঙ্গে ঠিক কী কথা বলেছিলেন গার্দিওলা। নিচু গলায় মেসির কানের কাছে নিজের মুখ নিয়ে এসে বলা কথা অন্যের শোনার কথা নয়। তবে স্প্যানিশ পত্রিকা মার্কার অনলাইন সংস্করণ বলছে, গার্দিওলা খুব সম্ভবত কোনো একটা ব্যাপার নিয়ে মেসির কাছে দুঃখ প্রকাশ করছিলেন। উত্তরে মেসির মুখে ছিল কেবলই স্মিত হাসি। যেন সাবেক গুরুর কথায় মজা পেয়েছেন তিনি। তবে দুজন পাশাপাশি হেঁটেই সাজঘরের টানেলে প্রবেশ করেছিলেন কাল। দুই দলের সাজঘরের দুটি পথ আলাদা হয়ে যাওয়ার আগে নিশ্চয়ই দুজন দুজনের প্রয়োজনীয় খোঁজ-খবর সেরে নিয়েছেন।